পেকুয়ায় বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সাপেরগাড়ার রাজারখোলা এলাকায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম গোলাম কাদের (৭৫)। তিনি উপজেলার পেকুয়া সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার মৃত পুতুন আলীর ছেলে। ২৫ বছর ধরে পাহাড়ের রাজারখোলা এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় লোকজন বলেন, গোলাম কাদের রাজারখোলা জামে মসজিদে বুধবার মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে ঘরে ফেরার পথে একটি বন্য হাতি তাঁকে আক্রমণ করে পা দিয়ে মাথা ও ডান হাত পিষ্ট করে। এতে গোলাম কাদের মাথায় গুরুতর আঘাত পান এবং তাঁর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এম জাফর আহমদ প্রথম আলোকে বলেন, দুটি বন্য হাতি বুধবার বিকেল থেকে রাজারখোলার পাহাড়ের ঢালে অবস্থান করছিল। স্থানীয় লোকজনও সতর্ক ছিলেন। গোলাম কাদের মসজিদ থেকে ফেরার পথে পানের বরজের সামনে আক্রমণ করলে ঘটনাস্থলে মারা যান তিনি।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন পেকুয়া থানার উপপরিদর্শক সামিমউদ্দিন। এ বিষয়ে তিনি বলেন, হাতির পায়ে পিষ্ট হয়ে গোলাম কাদের মারা গেছেন। পরিবারের কারও অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।