কসবায় দুপুরে বিএনপি নেতাকে গ্রেপ্তার, রাতে ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির নেতা শরীফুল হককে (৫১) গ্রেপ্তারের পর উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত ঘোষণা করেছে দলটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের পর রাতে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সম্মেলন স্থগিতের বিষয়টি জানানো হয়।
এর আগে গতকাল দুপুরে উপজেলার খারেরা ইউনিয়নের দেলী এলাকা থেকে শরীফুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশি পাহারায় তাঁকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়।
পুলিশ জানায়, শরীফুল হকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী বাদী হয়ে গতকাল রাতে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।
বিএনপির নেতা-কর্মীরা বলেন, ৬ মে উপজেলার দেলী পাতাইসার উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাধারণ সম্পাদক পদে শরীফুল হকের বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করছেন না। সম্মেলনের দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া কথা ছিল। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন।
নেতা-কর্মীরা জানান, গতকাল দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে দেলী পাতাইসার উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে বের হওয়ার পর পুলিশ শরীফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় তাঁকে ঢাকায় পাঠানো হয়।
পরে জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান এক বিবৃতিতে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিএনপির নেতা শরীফুল হকের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাঁর কাছে একটি পিস্তল পাওয়া গেছে। এ জন্য তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পুলিশি পাহারায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দ্রুত তাঁকে আদালতে পাঠানো হবে।