বাউফলে মুজিব চত্বরে ভাঙচুরের পর বিএনপির কার্যালয়ে হামলা
পটুয়াখালীর বাউফল পৌরসভার মুজিব চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত ফলকের একটা অংশ ভেঙেছে দুর্বৃত্তরা। আজ রোববার বিকেলে এক পথচারী মুজিব চত্বরে হাঁটতে গিয়ে দেখেন, ফলকের বঙ্গবন্ধুর মুখের অংশ ভেঙে ফেলা হয়েছে।
এ ঘটনার জেরে আজ বিকেলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) শাহেদ আহম্মেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা হবে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে তাঁর জানা নেই বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে এক পথচারী মুজিব চত্বরে হাঁটতে গিয়ে মুজিববর্ষ উপলক্ষে নির্মিত ফলকে থাকা বঙ্গবন্ধুর মুখের অংশ ভাঙা দেখতে পান। এরপর তিনি বাউফল পৌরসভার মেয়রকে বিষয়টি জানান। এর ঘণ্টাখানেক পর বিকেল পাঁচটার দিকে উপজেলা যুবলীগের ব্যানারে একটি শান্তি র্যালি বের করা হয়।
ওই র্যালি থেকে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা চালান যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ওই কার্যালয়ের জানালার থাই গ্লাস, চেয়ারসহ আসবাব ভাঙচুর করা হয়।
আজ বিকেল সোয়া পাঁচটার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফলকটির বঙ্গবন্ধুর মুখের অংশ ভাঙা। পুলিশের একটি দল সেখানে অবস্থান করছে।
গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় কেউ হাতুড়ি বা ইট দিয়ে আঘাত করে ফলকটির ওই অংশ ভেঙে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক।
তিনি প্রথম আলোকে বলেন, ‘এর চেয়ে জঘন্য কাজ আর কী হতে পারে? এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছি।’ তবে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন মেয়র জিয়াউল হক।
বিএনপির কার্যালয়ে হামলার বিষয়ে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার প্রথম আলোকে বলেন, যুবলীগের ব্যানারে শান্তি র্যালি থেকে কোনো কারণ ছাড়াই বিএনপির কার্যালয়ে হামলা চালানো হয়েছে। এটা অপরাজনীতি ছাড়া কিছুই নয়। ফলকটি যে বা যারা ভেঙেছে, তাঁদের সঠিকভাবে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। কাউকে যেন হয়রানি করা না হয়।
বাউফল পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, মুজিব বর্ষ উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সড়কে মুজিব চত্বরের পাশে ফলকটি স্থাপন করা হয়।