গাজীপুর
বেতন বৃদ্ধির খবরে বাসা ভাড়া বাড়ছে শ্রমিকদের
সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে বাসাভাড়া। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই হিসাব মেলাবেন কীভাবে, তা নিয়েই চিন্তিত শ্রমিকেরা।
গাজীপুর নগরের তারগাছ এলাকায় তৈরি পোশাকের একটি কারখানায় অপারেটর পদে চাকরি করেন রুবেল মিয়া। স্ত্রী, সন্তান আর ছোট বোন নিয়ে থাকেন তারগাছ মোল্লা মার্কেটের একটি ভাড়া বাসায়। বাসাটির ভাড়া ২ হাজার ৮৫০ টাকা। পাঁচ–ছয়দিন আগে হঠাৎ করেই বাড়ির মালিক আগামী জানুয়ারি মাস থেকে বাসাভাড়া বাড়িয়ে তিন হাজার টাকা করার মৌখিক নোটিশ দেন। খবরটি শোনার পর থেকেই চাপ অনুভব করছেন রুবেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বর্ধিত ভাড়ার হিসাব কীভাবে মেলাবেন, তা নিয়ে ভাবছেন তিনি।
জিনিসপত্রের যে দাম, তাতে কোনোমতেই সংসার চালানো সম্ভব হয় না। এর মধ্যে বাসাভাড়া এক টাকা বাড়ানো হলেই আমাদের জন্য অনেক কিছু।
রুবেলের বাসায় বসে কথা হচ্ছিল তাঁর সঙ্গে। রুবেল জানান, সম্প্রতি শ্রমিকদের বেতন বৃদ্ধির খবরে বাসাভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেন বাড়ির মালিক। তিনি বলেন, ‘মাস শেষে আমি বেতন পাই মাত্র ১১ হাজার টাকা। এর মধ্যে বিদ্যুৎ বিল, গ্যাস বিলসহ অন্যান্য খরচ মিলিয়ে বাসাভাড়া পড়ে যায় ৩ হাজার ১০০ টাকা। ঘরে ১৪ মাসের শিশু। প্রতি মাসে তার পেছনে খরচ হয় আরও অন্তত ২ হাজার টাকা। আবার জিনিসপত্রের যে দাম, তাতে কোনোমতেই সংসার চালানো সম্ভব হয় না। এর মধ্যে বাসাভাড়া এক টাকা বাড়ানো হলেই আমাদের জন্য অনেক কিছু।’
পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভ আর আন্দোলন–সংগ্রামের মধ্যে পোশাক শ্রমিকদের বেতন কিছুটা বৃদ্ধির সিদ্ধান্ত নেয় সরকার। ৭ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের ষষ্ঠ সভায় শ্রমিকদের মজুরিকাঠামোর খসড়া চূড়ান্ত করা হয়। এতে শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়। আগে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ছিল আট হাজার টাকা। বেতন বৃদ্ধির খবরে বাড়ির মালিকেরা নতুন বছরের শুরু থেকে বিভিন্ন হারে বাসাভাড়া বাড়াচ্ছেন। এতে চরম বিপাকে পড়েন হাজারো শ্রমিক।
গত রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত গাজীপুর নগরের বিভিন্ন এলাকা ঘুরে বাসাভাড়া বাড়ানোর বিষয়টির সত্যতা পাওয়া যায়। নগরের কোনাবাড়ি, কাশিপুর, নাউজোড়, কড্ডা, লক্ষ্মীপুর, মোগড়খাল, বোর্ডবাজার, টঙ্গীর দত্তপাড়া, পাগাড় ঝিনুমার্কেট, তারগাছ, কুনিয়াসহ প্রায় ১৫টি এলাকার শ্রমিকেরা বাসাভাড়া বাড়ানোর কথা জানিয়েছেন। এসব এলাকায় সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বাসাভাড়া বাড়ানোর তথ্য পাওয়া গেছে।
গাজীপুর শহরের লক্ষ্মীপুর এলাকাটি শ্রমিক অধ্যুষিত। সেখানকার মধ্যপাড়া এলাকায় সারি বাঁধা ১০টি ঘর নিয়ে গড়ে উঠেছে একটি বাড়ি। প্রতিটি ঘরের বাসিন্দারা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। তাঁরা জানান, ঘরগুলোর প্রতিটির ভাড়া ২ হাজার ৫০০ টাকা। সম্প্রতি বেতন বৃদ্ধির খবরে তাঁদের বাড়ির মালিক ঘরপ্রতি ৩০০ টাকা করে বাড়ানো হবে বলে জানিয়েছেন।
ভাড়া বাড়ানোর বিষয়ে কথা হয় বাড়িটির মালিক সুরুজ মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘আমি এখনো সেভাবে বাসাভাড়া বাড়াইনি।’
লক্ষ্মীপুর মধ্যপাড়া থেকে কিছু দূর এগোলে লক্ষ্মীপুর মাতবর বাড়ি এলাকা। সেখানে ১৫০ থেকে ২০০টি ঘর নিয়ে গড়ে উঠেছে স্থানীয় জাকির মাতবরের বাড়ি। এ বাড়িটির ভাড়াটেরাও বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক। ঘরপ্রতি বর্তমান ভাড়া ২ হাজার ৫০০ টাকা। বিদ্যুৎ বিল আলাদা। বেতন বৃদ্ধির খবরে এ বাড়িটিরও ঘরপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ানোর কথা জানান শ্রমিকেরা।
একটি ঘরের বাসিন্দা মোসাম্মত শিমা পারভিন বলেন, ‘কারখানায় বেতন বাড়ার খবরে আমরা স্বামী-স্ত্রী খুব খুশি হইসিলাম। কিন্তু মালিক আইস্যা বাসাভাড়া ৩০০ টাকা করে বাড়ানোর কথা বলেছেন। এটা শোনার পর আমাদের দুজনেরই মন খারাপ হয়।’
বাসাভাড়া বাড়ানোর বিষয়ে কথা হয় বাড়ির মালিক জাকির মাতবরের সঙ্গে। বাসাভাড়া বাড়ানোর কথাটি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘এখন সবকিছুর দাম বাড়তি। নানামুখী খরচ বাড়ছে। শ্রমিকদের বেতন বাড়ছে। তাই সবকিছু চিন্তা কইর্যাই ঘরপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিসি।’
শ্রমিকদের বেতন বৃদ্ধির কারণে বাসাভাড়া বাড়ানোর বিষয়টি গাজীপুর শিল্প পুলিশের গোয়েন্দা নজরদারিতেও ওঠে এসেছে। এ নিয়ে ১৪ নভেম্বর থেকে মহানগরের বিভিন্ন এলাকার বাড়ির মালিকদের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করছেন তাঁরা। হুটহাট বা কোনো যৌক্তিক কারণ ছাড়াই বাসাভাড়া না বাড়ানোর জন্য বাড়ির মালিকদের অনুরোধ জানিয়েছে শিল্প পুলিশ।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসামাত্রই বাড়ির মালিকদের সঙ্গে বসার সিদ্ধান্ত নিই। আমরা শ্রমিকদের দুঃখ–দুর্দশরার বিষয়টি উল্লেখ করে বাসাভাড়া না বাড়ানোর জন্য অনুরোধ করছি। বাড়ির মালিকেরাও আমাদের কথা শুনছেন। অনেকেই বাসাভাড়া না বাড়ানোর অঙ্গীকার করছেন।’