ফেনীতে ১১ দল–সমর্থিত এবি পার্টির প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোট–সমর্থিত আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার মধ্যরাতে ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে এমন ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের ইজ্জতপুর গ্রামে ঈগল প্রতীকের প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর একটি নির্বাচন পরিচালনা কার্যালয় চালু করা হয়। সেখানে ফেস্টুন ঝুলিয়ে, চেয়ার-টেবিল বসিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছিলেন দলীয় নেতা-কর্মীরা। গতকাল মধ্যরাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে চেয়ার–টেবিল ভাঙচুর করে। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রার্থী মজিবুর রহমান মঞ্জু।
এক বিবৃতিতে ফেনী–২ আসনের ১১ দলের প্রার্থী মঞ্জু বলেন, ‘আমার নির্বাচনী অফিসে যে ভাঙচুর চালানো হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। জনগণের ভালোবাসা ও সমর্থনে একটি অফিস শুরু হওয়াতেই তাঁরা আতঙ্কিত হয়ে উঠেছেন। সন্ত্রাস ও অপরাজনীতির মাধ্যমে জনগণের কণ্ঠ কখনো রুদ্ধ করা যায় না।’ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
নির্বাচনী কার্যালয়ে হামলায় বিষয়ে জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের নির্বাচনী কার্যালয়ের টেবিলের পাটাতন বাইরে পড়ে ছিল। কয়েকটি চেয়ার এলোমেলো ছিল। তবে প্রার্থী বা তাঁর সমর্থকদের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।