ছেলের চালানো ভ্যান উল্টে বাবা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-ছেলে ভ্যানে করে মুরগি কিনতে খামারে যাচ্ছিলেন। ব্যাটারিচালিত ভ্যানটি চালাচ্ছিলেন ছেলে ইসরাফিল হোসেন। বাবা ইব্রাহিম জোয়ারদার (৫০) পেছনে বসেছিলেন। রাস্তায় মোড় ঘোরার সময় ভ্যানগাড়িটি উল্টে গেলে ঘটনাস্থলে ইব্রাহিম জোয়ারদার মারা যান। আজ শুক্রবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত ইব্রাহিম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ইসমাইল জোয়ারদারের ছেলে।

ইসরাফিল হোসেন বলেন, তাঁরা মুরগির ব্যবস্থা করেন। তিনি ও তাঁর বাবা ইব্রাহিম জোয়ারদার ব্যাটারিচালিত ভ্যানে করে কড়ুইগাছি গ্রামে একটি খামার থেকে ব্রয়লার মুরগি কিনতে যাচ্ছিলেন। পথে ভোর পাঁচটার দিকে আড়পাড়া এলাকায় মোড় ঘুরতে গেলে পাকা সড়কে ভ্যানটি উল্টে যায়। বাবা মাথায় আঘাত পান। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে চিকিৎসক বাবাকে মৃত বলে ঘোষণা করেন।
ইসরাফিল হোসেন আরও বলেন, ‘এভাবে ভ্যান উল্টে যাবে, তা আগে বুঝতে পারিনি। আমার চোখের সামনে বাবা মারা গেলেন। আমি কিছুই করতে পারলাম না।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ব্যাটারিচালিত তিন চাকার ভ্যান উল্টে একজন নিহত হয়েছেন। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।