নাটোরে দুর্বৃত্তদের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু, ১২ দিনেও শনাক্ত হয়নি হামলাকারী

দুর্বৃত্তদের হামলায় নিহত গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলামছবি: সংগৃহীত

দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (২৩) মারা গেছেন। গতকাল সোমবার রাত সোয়া আটটার দিকে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শাকিল ইসলাম গুরুদাসপুর উপজেলা সদরের কাছারিপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তিনি নাটোর-৪ (বড়াইগ্রাম ও গুরুদাসপুর) আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজের ছোট ছেলে সোহাগের ঘনিষ্ঠজন ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা।

এর আগে ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারের একটি সড়কে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন শাকিল। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় শাকিলের বাবা রবিউল করিম ১৯ অক্টোবর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৮–১০ জনকে আসামি করে গুরুদাসপুর থানায় মামলা করেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

আদালতের নির্দেশে এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনার পর থেকে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে। কয়েকজনকে শনাক্ত করার কাছাকাছি পর্যায়ে পৌঁছানোও গেছে।
আবদুল হান্নান, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হান্নান গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে বলেন, আদালতের নির্দেশে এখন মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। ঘটনার পর থেকে পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে। কয়েকজনকে শনাক্ত করার কাছাকাছি পর্যায়ে পৌঁছানোও গেছে।