শিবগঞ্জের দুই যুবক নিখোঁজ, এলাকায় গুঞ্জন, ভারতে গিয়ে গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ জেলার মানচিত্র

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভারত সীমান্তে যাওয়া দুই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছে না। স্থানীয় লোকজন বলছেন, শামীম উদ্দিন ও শরিফুল নামের ওই দুই যুবক চোরাচালানের উদ্দেশ্যে আরও কয়েকজন যুবকের সঙ্গে ভারতে প্রবেশ করেন। পরে সেখানে বিএসএফের গুলিতে শামীম নিহত হয়েছেন। হাতে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে এসে গোপনে চিকিৎসা নিচ্ছেন শরিফুল।

বিজিবি ও পুলিশের মতে, তাঁরা নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় দুজনের পরিবার থেকেও কোনো অভিযোগ দেওয়া হয়নি। গুলিবিদ্ধ হওয়ার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। শামীম উদ্দিন উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সড়াপাড়া গ্রামের বাসিন্দা। শরিফুল পাকা ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা।

দুর্লভপুর ইউপির সদ্য বিদায়ী চেয়ারম্যান আব্দুর রাজিব প্রথম আলোকে বলেন, চোরাচালানের উদ্দেশ্য রোববার সন্ধ্যায় কয়েকজন যুবকের সঙ্গে বাড়ি থেকে বের হন শামীম। রাতে শামীম ভারতের মুর্শিদাবাদ জেলার আওরঙ্গবাদ থানার জুমপুর সীমান্ত এলাকা গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন এবং শরিফুল আহত হয়েছেন বলে এলাকার লোকজনকে জানিয়েছেন। মামলা-মোকদ্দমার ভয়ে পরিবারগুলোর পক্ষ থেকে এসব ঘটনা স্বীকার করা হচ্ছে না। এ ধরনের ঘটনায় অনেক সময় লাশ গোপনে দাফন করা হয়।

রাতে শামীম ভারতের মুর্শিদাবাদে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন এবং শরিফুল আহত হয়েছেন বলে এলাকার লোকজনকে জানিয়েছেন।

পাকা ইউপির চেয়ারম্যান আবদুল মালেক বলেন, রোববার রাতে সীমান্তে একজনের গুলিতে আহত হয়ে গোপনে চিকিৎসা নেওয়া ও একজন মারা যাওয়ার কথা শুনেছেন।

শামীমের চাচি জেরিনা বেগম মুঠোফোনে বলেন, ‘শামীম ভারতে যাওয়ার কথা কহ্যা বাড়ি থ্যাকা বাহির হয়। তাকে নিষেধ করা হয়। কিন্তু কথা শুনেনি। এরপর থ্যাকা তার খোঁজ পাওয়া যাইছে না।’

স্থানীয় ইউপি সদস্য আনারুল ইসলাম বলেন, বিজিবির গোয়েন্দারা গতকাল সোমবার শামীমের বাড়িতে গিয়ে খোঁজখবর করেছেন বলে শুনেছেন।

এ দুজন নিখোঁজ থাকার কথা জানিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরীর জোবায়ের আহাম্মদ বলেন, খোঁজ করতে গিয়ে পরিবারের লোকজনকে বাড়িতে পাওয়া যায়নি। শোনা গেছে, তাঁরা ভারতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন বলেন, ‘আমরাও লোকমুখে শুনেছি এমন ঘটনা। সেটা ভারতের ওপারে তিন কিলোমিটারের ভেতরে। কিন্তু আমরা এর সত্যতা পাইনি এখন পর্যন্ত। বিএসএফও জানায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ করেনি। তবে খোঁজ রাখছি।’