কৃষিজমি রক্ষার দাবিতে বাণীশান্তায় ধানখেতে মানববন্ধন
ড্রেজিংয়ের মাধ্যমে পশুর নদ থেকে তোলা বালুর কবল থেকে বাণীশান্তার তিন শ একর তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে ধানখেতে কিষান-কিষানিরা মানববন্ধন করেছেন। আজ রোববার খুলনার দাকোপের বাণীশান্তা ইউনিয়নের আমতলা আমন ধানের খেতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রোববার বেলা একটায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ। সমাবেশে বাণীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ‘নিজেরা করি’ খুলনার বিভাগীয় সমন্বয়কারী স্বপন দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষকনেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, কিশোর রায়, বিশ্বজিৎ মণ্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন, কৃষ্ণ পদ মণ্ডল, বৈশাখী মণ্ডল, বাপা নেতা হাছিব সরদার, পাইকগাছা ভূমিহীন আন্দোলনের নেতা শেখ তৈয়বুর রহমান, সবিতা ঢালী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ কৃষকের সঙ্গে প্রতারণা ও ছলনার মাধ্যমে কৃষিজমিতে বালু ফেলার পাঁয়তারা চালাচ্ছে। দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার উৎপাদন বাড়ানো, কৃষিজমির ক্ষতি করে কোনো ধরনের উন্নয়ন করা যাবে না এবং এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবে না মর্মে বারবার সতর্কবার্তা উচ্চারণ করলেও প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর এ অনুশাসন মানছে না।
বক্তারা আরও বলেন, তাঁরা জান দেবেন, তবু বাণীশান্তা, আমতলা, ভোজনখালী, ঢাংমারি ও খাজুরা গ্রামের তিন ফসলি জমিতে কোনোভাবেই বালু ফেলতে দেবেন না। মোংলা বন্দর কর্তৃপক্ষের পশুর নদী ড্রেজিংয়ের পর উত্তোলিত বালু বাণীশান্তা ইউনিয়নের কৃষিজমিতে ফেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তার জন্য প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে সমাবেশে বক্তারা ঘোষণা দেন। মানববন্ধনে বাণীশান্তা ইউনিয়নের কয়েক শ কিষান-কিষানি অংশ নেন।
এ ছাড়া বেসরকারি সংস্থা নিজেরা করির নেতৃত্বে অর্ধশতাধিক ভূমিহীন কৃষক ও ক্ষেতমজুর আন্দোলনের নেতা-কর্মীরা কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে বাণীশান্তা বাজারে নিজেরা করির পরিবেশনায় গণসংগীত ও পথনাটক মঞ্চস্থ হয়।