এক চোখে আঘাত পাওয়া ফারুক হাসপাতালে বসেই পরীক্ষা দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক
ছবি: সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ায় এক চোখে আঘাত পেয়েছিলেন ফিশারিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ওমর ফারুক। ওই চোখে এখনো ঠিকমতো দেখতে পাচ্ছেন না তিনি। এর মধ্যেই ফারুকের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলছিল। তবে ফারুক হাল ছাড়েননি।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অনুমতি সাপেক্ষে তিনি রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বসেই শেষ দুটি পরীক্ষা দিয়েছেন। আজ রোববার ছিল শেষ পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক মো. মাহফুজুর রব বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। ফারুকের পরীক্ষা চলাকালীন সময় তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন।  

আরও পড়ুন

ওমর ফারুকের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম গ্রামে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়ছে। বাবা আলমগীর হোসেন আগে ব্যবসা করলেও এখন বাড়িতে অবসর সময় পার করছেন। পরিবারের আশা ছিল, বড় ছেলে পড়ালেখা শেষ করে সংসারের হাল ধরবেন। কিন্তু ৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে চোখে আঘাতপ্রাপ্ত হন ওমর ফারুক। এরপর তাঁকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়।

ওমর ফারুক বলেন, এক চোখ দিয়ে লিখতে তাঁর অনেক কষ্ট হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন থাকায় পরীক্ষার জন্য প্রস্তুতিও নেওয়া হয়নি। এরপরও ভবিষ্যতের কথা ভেবে তিনি পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা দিতে না পারলে একটি বছর নষ্ট হয়ে যাবে।

মাহফুজুর রব বলেন, বিশ্ববিদ‌্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ ক‌মি‌টির ‘সিক বেড’ নিয়ম অনুযায়ী ওমর ফারুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষায় অংশ নিয়েছেন। নি‌য়ম অনুযায়ী হাসপাতালের এক‌টি কক্ষকে পরীক্ষার হল হিসেবে নির্ধারণ করে পরীক্ষা নেওয়া হয়। এর আগে গত বৃহস্প‌তিবারও ওমর ফারুক হাসপাতালেই পরীক্ষায় অংশ নিয়েছেন। দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ। পরে ব্যবহা‌রিক পরীক্ষা অনু‌ষ্ঠিত হবে। ব্যবহা‌রিক পরীক্ষার ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওমর ফারুকের বাবা আলমগীর হোসেন পাশেই ছিলেন। তিনি বলেন, ‘এখন আমাদের চাওয়া উন্নত চিকিৎসা পেয়ে আমার ছেলে যেন তাঁর আঘাত পাওয়া চোখে আলো ফিরে পায়। আর ছেলেটা যেন ভালোভাবে পড়াশোনা শেষ করে নিজের ভবিষ্যৎ গড়তে পারে। এর চাইতে বেশি চাওয়া নেই। ছেলেকে দেশের বাইরে নিয়ে উন্নত চি‌কিৎসা করানোর মতো সামর্থ্যও নেই আমার। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযো‌গিতা চাই।’

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জামাল উদ্দিন ভূঞা বলেন, আহত শিক্ষার্থীর চি‌কিৎসার ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খোঁজখবর নিচ্ছে। আন্ত‌রিকতার সঙ্গে শিক্ষার্থীর চি‌কিৎসা এবং পরীক্ষার ব্যাপারে সহযো‌গিতা করা হচ্ছে।