বগুড়ায় মেলার নাগরদোলা ভেঙে পড়ে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার মানচিত্র

বগুড়ার কাহালু উপজেলায় মেলার চলন্ত নাগরদোলা ভেঙে পড়ে শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কাহালু সদরের মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। পরে কাহালু থানা-পুলিশ গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বন্ধ করে দেওয়া হয় মেলা।

আহত ব্যক্তিদের মধ্যে উপজেলার পাল্লাপাড়া গ্রামের রিফাত (১৬), সামির (৯) ও সজীবকে (১৭) কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাল্লাপাড়া গ্রামের খায়রুলের স্ত্রী রুমাকে (১৭) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাল্লাপাড়ার আহত নুসরাত জাহান (১৫), রাবেয়া আকতার (২০), রাফি (১৫), সাজিদ (১৭), অথৈ (১৫) ও গাইবান্ধার দারিয়াপুরের নাফি (৯) প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জ্যৈষ্ঠ মাসজুড়ে কাহালু উপজেলায় বিভিন্ন এলাকায় মাসব্যাপী গ্রামীণ মেলা বসে। সেই ধারাবাহিকতায় শুক্রবার কাহালু পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী মেলার আয়োজন করে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রাম উন্নয়ন কমিটি। শুক্রবার মেলা শেষ হলেও আজ শনিবার সকাল থেকেই মেলা চত্বরে নাগরদোলা চলছিল। বেলা ১১টার দিকে নাগরদোলায় চড়ে মেলায় আসা ২৫-৩০ জন দর্শনার্থী। চলন্ত নাগরদোলা ভেঙে মাটিতে আছড়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনার পরপরই নাগরদোলা ফেলে পালিয়ে গেছেন নাগরদোলার মালিক ও কর্মচারীরা।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, নাগরদোলায় নির্ধারিত আসনের বাড়তি লোক ওঠানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অনুমোদন না থাকায় মেলা ভেঙে দেওয়া হয়েছে।