নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ দুজন, ৪টি ভবন ক্ষতিগ্রস্ত

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন। শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম দেওভোগ পাক্কারোড এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলায় তিতাস গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন দগ্ধসহ তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আরমান মিয়ার মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলায় ঝুটের গুদামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আশপাশের চারটি ভবনের জানালার কাচ ভেঙে গেছে। আহত ব্যক্তিরা হলেন ঝুট ব্যবসায়ী শিপন হোসেন, তাঁর কর্মচারী লিটন এবং বাড়ির ভাড়াটে ছগির মিয়া।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের দেওভোগ পাক্কারোড গার্মেন্টস গলি সড়কের ওই তিনতলা ভবনের নিচতলার ঝুটের গুদামে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ওই ভবনের নিচতলার গুদামের দুটি রুম ও রান্নাঘরের দেয়ালের অংশ, দরজা ও জানালা ধসে পড়ে। এতে গুরুতর আহত হন ঝুট ব্যবসায়ী শিপন, তাঁর কর্মচারী লিটন ও বাড়ির ভাড়াটে ছগির মিয়া।

বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে শিপন ও লিটনের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের বিকট শব্দ ও ঝাঁকুনিতে আশপাশের আরও চারটি বাড়ির জানালার গ্লাস ভেঙে গেছে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্ফোরণের পর আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের শহরের দেওভোগ এলাকায়
ছবি: প্রথম আলো

ঘটনার প্রত্যক্ষদর্শী সোহেল রানা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এরপর ভবনের নিচতলার ঝুটের গুদামের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।
অপর বাসিন্দা আকরাম আলী জানান, বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি ভবনের গ্লাস ভেঙে গেছে। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মন্ডলপাড়া ফায়ার সার্ভসের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহজাহান প্রথম আলোকে জানান, তিতাস গ্যাসের পাইপের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। তিনতলা ভবনের নিচতলার রান্নাঘরের চুলার পাইপলাইনের লিকেজ থেকে পুরো ভবনে গ্যাস জমে ছিল এবং নালার গ্যাস ভরে ছিল। হঠাৎ জমে থাকা গ্যাস থেকে তীব্র শক্তি নিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের পাইপলাইনের লিকেজটি অনেক দিনের পুরোনো। দীর্ঘদিন রান্নাঘরের নিচে ও ড্রেনেজের ভেতরে জমা হয়েছিল। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে তীব্র বিস্ফোরণ ঘটে।