আধুনিক ভবন নির্মাণকাজ ঝুলে আছে ৯ বছর 

  • আধুনিক শিল্পকলা ভবনের জন্য পাঠানো ডিপিপি এখনও পাস হয়নি। 

  • এ–সংক্রান্ত ডিপিপি বর্তমানে মন্ত্রণালয়ে পর্যবেক্ষণে রয়েছে। 

  • চলতি অর্থবছরেই প্রকল্পটি পাস হতে পারে। আর ভবন নির্মাণের কাজ শুরু হতে পারে আগামী অর্থবছরে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জেলার মানচিত্র

স্থানীয় পর্যায়ে দেশীয় শিল্প-সংস্কৃতির চর্চা ও সম্প্রসারণের উদ্দেশ্যে নওগাঁ শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণের জন্য বরাদ্দ আসে ২০১৩  সালে। কিন্তু স্থান নির্বাচন নিয়ে জটিলতায় শুরু হয়নি নির্মাণকাজ। মন্ত্রণালয়ে এ–সংক্রান্ত প্রকল্প উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) অনুমোদন না হওয়ায় ভবনটির নির্মাণকাজ ৯ বছর ধরে ঝুলে আছে।

প্রস্তাবিত শিল্পকলা একাডেমির আধুনিক ভবনটি তিনতলা হওয়ার কথা। একাডেমিতে ছয়টি বিভাগে প্রশিক্ষণের জন্য ছয়টি কক্ষ, সাড়ে ৫০০ আসনের একটি আধুনিক মিলনায়তন ও অফিসকক্ষ নির্মাণ করা হবে।

ভবন নির্মাণের জন্য বরাদ্দ আসে ২০১৩  সালে। কিন্তু স্থান নির্বাচন নিয়ে জটিলতায় শুরু হয়নি নির্মাণকাজ।

নওগাঁ শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে নওগাঁ সরকারি কলেজ–সংলগ্ন বাঙাবাড়িয়া এলাকায় ১০ শতক জায়গার ওপর একাডেমির বর্তমান একতলা ভবন নির্মিত হয়। মিলনায়তন, অফিসকক্ষসহ ভবনটিতে পাঁচটি কক্ষ রয়েছে। নওগাঁয় আধুনিক মিলনায়তন, মুক্তমঞ্চসহ আধুনিক শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের জন্য ২০১৩ সালে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়। ২০১৩-১৪ অর্থবছরে নওগাঁসহ দেশের আরও ১৬ জেলায় শিল্পকলা একাডেমি ভবন নির্মাণের প্রকল্প প্রস্তাব একনেকে পাস হয়। ওই সময় শিল্পকলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারসংলগ্ন মাঠে শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণের প্রস্তাব করেন। মাঠের ওই জায়গার প্রকৃত মালিক শহরের নওগাঁ সরকারি কৃষ্ণধন (কেডি) উচ্চবিদ্যালয়। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় জায়গাটির ছাড় না দেওয়ায় স্থান নির্ধারণ নিয়ে জটিলতার সৃষ্টি হয়। স্থান নির্ধারণ করতেই কেটে যায় তিন বছর। ২০১৭ সালে শিল্পকলা একাডেমির নিজস্ব জায়গায় বাঙাবাড়িয়া এলাকার ৪৯ শতাংশ জমিতে শিল্পকলা একাডেমির আধুনিক  কমপ্লেক্স ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন। স্থান নির্ধারণের পর ওই বছরেই মন্ত্রণালয়ে আধুনিক কমপ্লেক্স ভবনের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠায়। ইতিমধ্যে গণপূর্ত বিভাগ থেকে ভবন নির্মাণের জন্য ডিজিটাল সার্ভে (জরিপ) ও ভবনের ডিজাইনও (নকশা) সম্পন্ন করা হয়েছে। এখন প্রকল্প প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাস হলেই বরাদ্দের টাকা ছাড় হবে। এরপর দরপত্র আহ্বানসহ ভবন নির্মাণের বাকি কাজ সম্পন্ন হবে। তবে ঠিক কবে নাগাদ ভবনটির নির্মাণকাজ শুরু করা সম্ভব হবে, তা সুনির্দিষ্টভাবে এখনও জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও জেলা সংস্কৃতিবিষয়ক কর্মকর্তা আসাদুজ্জামান সরকার বলেন, ২০১৩-২০১৪ অর্থবছরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় নওগাঁয় জেলা শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণের নীতিগত অনুমোদন দিলেও ভবনটি কোথায় হবে, এই জায়গা নির্ধারণ করতেই তিন বছর সময় লেগে যায়। তবে স্থান নির্ধারণ জটিলতা কাটলেও সংস্কৃতি মন্ত্রণালয়ে আধুনিক শিল্পকলা ভবনের জন্য পাঠানো ডিপিপি পাস না হওয়ায় ভবনটির নির্মাণকাজ ঝুলে আছে। মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, এ–সংক্রান্ত ডিপিপি বর্তমানে মন্ত্রণালয়ে পর্যবেক্ষণে রয়েছে। চলতি অর্থবছরেই প্রকল্পটি পাস হতে পারে। আর ভবন নির্মাণের কাজ শুরু হতে পারে আগামী অর্থবছরে। 

এদিকে বর্তমান জরাজীর্ণ ভবনে কক্ষ-সংকটে ধুঁকে ধুঁকে চলছে এই প্রতিষ্ঠানের কার্যক্রম। শিল্পকলা একাডেমি ভবনের চারপাশে সীমানাপ্রাচীর ও প্রহরী না থাকায় সন্ধ্যা নামলেই এখানে বসে স্থানীয় বখাটেদের আড্ডা।

জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, ‘আমরা উপযুক্ত একটি স্থানে নওগাঁ শিল্পকলা একাডেমির আধুনিক ভবন নির্মাণের চেষ্টা চালাচ্ছি। যে প্রস্তাবনা পাঠানো হয়েছে সেটি পাস হয়ে মন্ত্রণালয় থেকে চিঠি এলে কাজ করা যাবে।’  

এদিকে সংস্কৃতিমনা স্থানীয় সুধীজনদের নিয়ে শিল্পকলা একাডেমির একটি ব্যবস্থাপনা পরিষদ থাকার কথা রয়েছে। কিন্তু ২০১৫ সালের পর থেকে আহ্বায়ক (অ্যাডহক) কমিটি দিয়েই চলছে শিল্পকলা একাডেমির কার্যক্রম।

নওগাঁ শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক কায়েস উদ্দিন বলেন, সরকারি প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় সংস্কৃতিমনা সুধী ব্যক্তিদের নিয়ে তিন বছর মেয়াদি শিল্পকলা একাডেমি ব্যবস্থাপনা পরিষদ গঠনের নিয়ম রয়েছে। কিন্তু আহ্বায়ক কমিটি গঠনের তিন মাস পর নতুন কমিটি হওয়ার কথা থাকলেও তা করা হয়নি।