সরাইলে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় এক ব্যক্তি কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার একটি গ্রাম থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারাগারে পাঠানো ওই ব্যক্তির নাম হামিদ ঠাকুর (৫৮)।
কিশোরীর স্বজন, পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হামিদ ঠাকুরের একটি টংদোকান আছে। তাঁর দোকানে ওই কিশোরী প্রায়ই বিভিন্ন জিনিস কিনতে যেত। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে হামিদ ঠাকুর ওই কিশোরীকে টাকা দেওয়ার কথা বলে পাশের একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এতে কিশোরী অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি জানাজানি হলে হামিদ ঠাকুর পালিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর বাবা গতকাল দুপুরে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ হামিদ ঠাকুরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে গতকাল বিকেলে তাঁকে কারাগারে পাঠায়।
মামলার তদন্ত কর্মকর্তা সরাইল থানার উপপরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন বলেন, ভুক্তভোগী কিশোরী ও জেলা সদর হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রাথমিক তদন্তে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমনানুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামিদ ঠাকুর এর আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।