দুর্গন্ধ পেয়ে পুলিশকে ফোন, তালা ভেঙে কম্বলে মোড়ানো বৃদ্ধার লাশ উদ্ধার
সুনামগঞ্জের জগন্নাথপুরে নিজ ঘরের ভেতর থেকে আছিয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে জগন্নাথপুর পৌরসভার ইনাতনগর এলাকার বাড়ি থেকে তালা ভেঙে লাশটি উদ্ধার করা হয়।
আছিয়া বেগম ওই এলাকার মৃত খালিক মিয়ার স্ত্রী। একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে একাই থাকতেন। পরিবারের ধারণা, চিকিৎসার জন্য রাখা ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিতে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে পুলিশ এ বিষয়ে এখনো কিছু জানায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার চিকিৎসার জন্য সুনামগঞ্জ শহরে গিয়েছিলেন আছিয়া বেগম। এরপর স্বজনদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। গতকাল রাতে কয়েকজন প্রতিবেশী তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঘর থেকে দুর্গন্ধ পান। বিষয়টি তাঁরা পুলিশকে জানান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় আছিয়া বেগমের লাশ উদ্ধার করে। তাঁর শরীরের কিছু অংশ পচে গিয়েছিল।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের তালা ভেঙে খাটের ওপর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় আছিয়া বেগমের লাশ উদ্ধার করে। তাঁর শরীরের কিছু অংশ পচে গিয়েছিল।
আছিয়া বেগমের মেয়ে কল্পনা বেগম বলেন, গত বৃহস্পতিবার বিকেলের পর থেকে মায়ের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ হয়নি।
আছিয়া বেগমের সঙ্গে কারও বিরোধ ছিল না জানিয়ে কল্পনার স্বামী দিলশাদ মিয়া দাবি করেন, তাঁর শাশুড়ির কাছে চিকিৎসার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা ছিল। ওই টাকার জন্য কেউ তাঁকে হত্যা করে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ করে রেখে গেছে।
ঘরটির একটি মাত্র দরজা আছে বলে জানান জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি আজ মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।