উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো যন্ত্রই ঠিকমতো চলে না
কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ছয় মাসের বেশি সময় বিকল হয়ে পড়ে আছে। ডিজিটাল আলট্রাসনোগ্রাম যন্ত্রটিও অকেজো। আলট্রাসনোগ্রাম যন্ত্রটির ব্যবহারও সীমিত। ফলে স্বল্পমূল্যে পরীক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ উপজেলার বাসিন্দারা। এ ছাড়া চিকিৎসক ও কর্মচারী–সংকটে কমপ্লেক্সটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার পাঁচ লক্ষাধিক মানুষের ভরসার স্থান ৫০ শয্যার উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের বিপরীতে ৩ জন এবং ১০ জন জুনিয়র কনসালট্যান্টের বিপরীতে ৬ জন রয়েছেন। উপজেলার একমাত্র সরকারি হাসপাতালটিতে গাইনি, শিশু ও মেডিসিন, নাক, কান ও গলাবিশেষজ্ঞ চিকিৎসক নেই। এ ছাড়া ল্যাব টেকনিশিয়ানের তিনটি পদ ফাঁকা। ৩ জন ওয়ার্ড বয়ের বিপরীতে আছেন একজন, ৩০টি নার্স পদের মধ্যে ২৮ জন রয়েছেন এবং পরিচ্ছন্নতাকর্মী ৪ জনের মধ্যে আছেন একজন। হাসপাতালে দুজন আয়া থাকার কথা থাকলেও একজনও নেই।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে যন্ত্রের কক্ষটি তালাবদ্ধ। ডিজিটাল আলট্রাসনোগ্রাম যন্ত্রটি অকেজো হয়ে পড়ে আছে। পুরোনো সাদা–কালো ফ্লিমে চলা আলট্রাসনোগ্রাম যন্ত্রটি দিয়ে শুধু ইনডোরে (অন্তঃবিভাগ) প্রসূতি মায়েদের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শুধু জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের জন্য পুরোনো ইসিজি যন্ত্রটি রাখা হয়েছে। তবে সেটির কার্যকারিতা নিয়ে রোগীদের প্রশ্ন রয়েছে। চিকিৎসা নিতে আসা রোগীরা বাইরে ডায়াগনস্টিক সেন্টার থেকে পরীক্ষা করাচ্ছেন।
উলিপুর পৌরসভার বকুলতলা গ্রাম থেকে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন নজরুল ইসলাম (৬৫)। তিনি বলেন, ‘সকালে জমিতে কাজ করতে গিয়ে শ্বাসকষ্ট শুরু হয়, এরপর হাসপাতালে আসি। বহির্বিভাগে চিকিৎসক দেখানোর পর ইসিজি করতে বলেছেন। জরুরি বিভাগের চিকিৎসক দুবার করে ইসিজি করেছেন। কিন্তু যন্ত্রের সমস্যার কারণে সঠিক ফলাফল আসেনি। এখন কুড়িগ্রাম সদর হাসপাতালে যাওয়ার পরামর্শ (রেফার্ড) দিয়েছেন।’
উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মাঝবিল গ্রাম থেকে চিকিৎসা নিতে এসেছেন রাশেদুল ইসলাম। তিনি গতকাল সকালে ট্রাক থেকে সিমেন্টের বস্তা নামানোর সময় আহত হয়েছেন। তাঁর ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ডিজিটাল এক্স-রে করার পরামর্শ দিয়েছেন। কিন্তু হাসপাতালে কোনো এক্স-রে হয় না। শুনলাম, প্রায় এক বছর এক্স-রে যন্ত্রটি নষ্ট হয়ে পড়ে আছে। বাইরে এক্স-রে করতে অনেক টাকা খরচ। তাই বাড়িতে নিয়ে যাচ্ছি। বাসার লোকজনের সঙ্গে পরামর্শ করে, টাকার ব্যবস্থা করে কুড়িগ্রাম শহরে নিয়ে যাব। এই হাসপাতালে এক্স-রে করা গেলে চিকিৎসক দেখানো যেত। এতে অনেক টাকা বেঁচে যেত।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মেহেরুল ইসলাম বলেন, ‘হাসপাতালের চিকিৎসক ও কর্মচারী–সংকট রয়েছে। এ ছাড়া হাসপাতালের ডিজিটাল এক্স-রে যন্ত্রটি ছয় মাসের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে। জরুরি বিভাগের ইসিজি যন্ত্র মাঝেমধ্যে একটু ডিস্টার্ব করলেও সেটি সচল আছে।’ হাসপাতালে দালালের দৌরাত্ম্য সম্পর্কে তিনি বলেন, ‘গত বছর এই হাসপাতালে আরএমও হিসেবে আসার পর বাইরের ডায়াগনস্টিক সেন্টারের ছেলেদের হাসপাতালের চত্বরে তেমন দেখি না।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেশকাতুল আবেদ জানান, প্রায় ১৪ বছর তৃতীয় ও চতুর্থ শ্রেণির নিয়োগ বন্ধ রয়েছে। একজন চিকিৎসকের বিপরীতে তিনজন নার্স থাকার কথা থাকলেও এখানে সেটি নেই। হাসপাতালে একজনও আয়া নেই এবং ওয়ার্ড বয় মাত্র একজন। দৈনিক বহির্বিভাগে প্রায় ৩০০ এবং অন্তঃবিভাগে প্রায় ৬০ জন রোগী চিকিৎসা নিয়ে থাকেন। আলট্রাসনোগ্রাম ও ইসিজি যন্ত্র শিগগিরই মেরামত করা হবে। এক্স-রে যন্ত্র মেরামত ব্যয়বহুল। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আগামী জুলাই–আগস্টে এটি মেরামত করার কথা রয়েছে।