শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গত বুধবার দেশের সরকারি-বেসরকারি সব মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
কিন্তু আজ শুক্রবারও ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করেননি। শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করবেন না বলে জানিয়েছেন।
ফরিদপুর ম্যাটসের শিক্ষার্থী মো. সিয়াম প্রথম আলোকে বলেন, তাঁরা হলেই অবস্থান করছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকায় শিক্ষার্থীদের ১০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল মহাপরিচালকের সঙ্গে দেখা করেন। মহাপরিচালক শিক্ষার্থীদের প্রথমে সব ম্যাটসের প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়ার অনুরোধ করেন। শিক্ষার্থীরা তাঁকে জানান, ঢাকায় শিক্ষার্থীরা মার খেয়েছে। এ অবস্থায় আদেশ প্রত্যাহার না হলে তাঁরা নতুন করে আন্দোলন শুরু করতে পারেন। এ কথা শুনে মহাপরিচালক বলেন, ‘ঠিক আছে তোমরা ক্যাম্পাসে অবস্থান করো। তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।’ ম্যাটস বন্ধ ও হল ত্যাগের নির্দেশ মন্ত্রীর সিদ্ধান্তে দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপারে মন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
এর আগে গত বুধবার এক অফিস আদেশে বলা হয়, ‘অনিবার্য কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে সব সরকারি-বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হোস্টেল ত্যাগের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।’ আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠির অনুলিপি দেওয়া হয়।
ফরিদপুর ম্যাটসের উপাধ্যক্ষ মো. মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের কাছে ম্যাটস বন্ধ ও ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশনা আছে। এরপর আর কোনো নির্দেশনা তাঁরা পাননি। ফলে ওই সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। আজও আমি শিক্ষার্থীদের হলগুলো ফাঁকা করে দিতে বলেছি। তারপরও শিক্ষার্থীরা হলে অবস্থান করছেন।’
চার দফা দাবিতে গত ১৬ আগস্ট থেকে সারা দেশের ১৫টি ম্যাটসের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেন। শিক্ষার্থীরা মিছিল, সমাবেশ, মানববন্ধন ও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দিয়েছেন। দাবি আদায়ে সর্বশেষ ৩ অক্টোবর ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ের সামনে অনশন শুরু করেন শিক্ষার্থীরা। ওই দিন রাতে পুলিশ শিক্ষার্থীদের মারধর করে ওই জায়গা থেকে সরিয়ে দেয়। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পরে দেশের সব ম্যাটস বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ প্রদান, চার বছরের একাডেমিক কোর্স বহাল রেখে আগের মতো এক বছর ইন্টার্নশিপসহ অসংগতিপূর্ণ কোর্স-কারিকুলাম সংশোধন করা, এলাইড হেলথ শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন করা এবং অনতিবিলম্বে শূন্য পদে নিয়োগ ও কর্মসংস্থান সৃজন করা।