যমুনা সেতু দিয়ে দ্বিগুণের বেশি যানবাহন পারাপার, প্রায় তিন কোটি টাকার টোল আদায়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৬ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৬০ টাকা।
সেতুর টোল প্লাজা সূত্র জানায়, স্বাভাবিক সময়ে প্রতিদিন যমুনা সেতু দিয়ে ১৫ থেকে ১৬ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের ছুটিতে যানবাহন চলাচল প্রায় দ্বিগুণ হয়ে যায়।
গত বছরের জুন মাসে পবিত্র ঈদুল আজহার ছুটির সময় ৫ দিনে ২ লাখ ২৮ হাজার ৪৭টি যানবাহন সেতু পারাপার হয়েছিল। এতে টোল আদায় হয় ১৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৫৫০ টাকা। ওই সময় ঈদের আগের দিন সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ১৮৪টি যানবাহন সেতু পারাপার হয়। ওই দিন টোল আদায় হয় ৩ কোটি ৪৩ লাখ ৭২ হাহার ৭৫০ টাকা।
সূত্রটি আরও জানায়, সোমবার রাত ১২টা থেকে সেতুর পূর্ব প্রান্ত দিয়ে ২৩ হাজার ৯৮৯টি যানবাহন উত্তরবঙ্গের দিকে গেছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা। একই সময়ে পশ্চিম প্রান্ত দিয়ে ২২ হাজার ৩৪টি যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৭৫০ টাকা।