‘ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি দক্ষিণাঞ্চলের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার গ্যাস বরিশালে নিয়ে এসে বিভাগের বিভিন্ন কলকারখানা এবং আবাসিক এলাকায় গ্যাস সংযোগ দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ। আজ শনিবার বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বর এলাকায়
ছবি: প্রথম আলো

ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটির সদস্যসচিব মনীষা চক্রবর্তী। বরিশালে গ্যাস সংযোগের দাবিতে বাসদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে মনীষা এ মন্তব্য করেন।

আজ শনিবার দুপুরে বাসদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ভোলার গ্যাস ঢাকায় সরবরাহের চুক্তি বাতিল করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের কারখানায় ও আবাসিক সংযোগ দেওয়ার দাবিতে ওই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে মনীষা চক্রবর্তী সভাপতিত্ব করেন।

সমাবেশে মনীষা আরও বলেন, ২১ মে ইন্ট্রাকো কোম্পানির সঙ্গে সরকারের ১০ বছর মেয়াদি চুক্তি হয়েছে। এর আওতায় দ্রুতই ভোলার গ্যাস সিএনজি করে ঢাকার বিভিন্ন শিল্পাঞ্চলে সরবরাহ করা হবে। ভোলায় গ্যাস উদ্বৃত্ত থাকার কথা বলে এই চুক্তি করা হচ্ছে; অথচ বরিশালের শিল্পাঞ্চলসহ আবাসিক খাত এখন পর্যন্ত এই গ্যাসের সংযোগ পায়নি।

মনীষা চক্রবর্তী বলেন, ভোলার গ্যাস দিয়ে বরিশালসহ অনুন্নত দক্ষিণাঞ্চলের মানুষের উন্নয়ন দীর্ঘদিনের দাবি। এই গ্যাস দিয়ে বরিশালের কলকারখানায় ও আবাসিক খাতে গ্যাস–সংযোগ দেওয়ার বিষয়ে জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সর্বশেষ ২০১৮ সালেও প্রধানমন্ত্রী বরিশালে সমাবেশ করে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারপরও বরিশালে গ্যাস সরবরাহের কোনো ব্যবস্থা না করে ঢাকার শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহের এই চুক্তি দক্ষিণাঞ্চলের জনগণের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা।

মনীষা আরও বলেন, অবিলম্বে ইন্ট্রাকোর সঙ্গে এই চুক্তি বাতিল করে ভোলার গ্যাস বরিশাল বিভাগের কলকারখানা ও আবাসিক খাতে সরবরাহের ব্যবস্থা নিতে হবে। অন্যথায় বরিশালবাসীকে সঙ্গে নিয়ে বরিশাল থেকে ভোলা রোডমার্চ ও লংমার্চের মতো কর্মসূচি দেওয়া হবে।

সমাবেশে বক্তব্য দেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সন্তু মিত্র, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন, সদস্য মানিক হাওলাদার, দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ১৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইজিবাইক সংগ্রাম পরিষদের ২৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আইউব আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার সম্পাদক বিজন শিকদার, সদস্য লামিয়া সাইমুন, মিনহাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক অপূর্ব দাস, মনজুর আলমসহ অনেকে। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।