সহকারী শিক্ষক শারমিনের ব্রেন টিউমারের চিকিৎসায় সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শারমিন সুলতানা
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ১ নম্বর সমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক শারমিন সুলতানার ব্রেন টিউমার ধরা পড়েছে। চিকিৎসক দ্রুত টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের কথা বলেছেন। সব মিলিয়ে এর জন্য ছয় লাখ টাকার মতো খরচ হবে। তবে এই টাকা তাঁর পরিবারের নেই।

শারমিন সুলতানা পাটগ্রাম পৌরসভার কোটতলী মহল্লার আমীর হোসেনের স্ত্রী। আমীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী। বর্তমানে শারমিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে শারমিন চিকিৎসার ব্যাপারে যোগাযোগ করেছিলেন রংপুর মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক মো. আশরাফুল আলমের সঙ্গে। এ বিষয়ে তিনি বলেন, শারমিনের মাথায় একটি টিউমার ধরা পড়েছে। দ্রুত তাঁর টিউমারটি অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ প্রয়োজন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তাঁর অস্ত্রোপচারে ছয় থেকে সাত লাখ টাকার প্রয়োজন হতে পারে।
শারমিনের স্বামী আমীর হোসেন বলেন, স্ত্রীর চিকিৎসার খরচ জোগানো তাঁর পক্ষে অসম্ভব। তিনি দেশের বিত্তবান সহৃদয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি চিকিৎসা সহায়তার অনুরোধ করেন।

শারমিন সুলতানা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর পাস করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। তাঁর এক মাস বয়সী একটি মেয়েসন্তান আছে।

আর্থিক সহায়তা পাঠানো যাবে:
আমীর হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৩৯৯, রূপালী ব্যাংক, পাটগ্রাম শাখা, লালমনিরহাট।