১৬ টাকার ইনজেকশন ৫২০ টাকায় বিক্রি, জরিমানা ৩০ হাজার টাকা
বগুড়ায় অসুস্থ নবজাতকের জন্য ১৬ টাকা খুচরা মূল্যের একটি ইনজেকশন রোগীর স্বজনের কাছে বিক্রি করা হয়েছে ৫২০ টাকায়। ৩২ গুণ বেশি দামে ইনজেকশন বিক্রির অপরাধে একটি ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যা ছয়টার দিকে বগুড়া শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এ জরিমানা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলমের নেতৃত্বে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল নামের ফার্মেসির মালিক মোহাম্মদ বিপুলকে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা পুলিশ সদস্যরা সঙ্গে ছিলেন।
ইফতেখারুল আলম বলেন, মোহাম্মদ লিখন নামের এক স্বজন চার দিন বয়সী অসুস্থ নবজাতককে ভর্তি করান শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে। হাসপাতাল থেকে স্লিপে লিখে তাঁকে ক্যাসিন-১০০ নামের একটি ইনজেকশন কিনে আনতে বলা হয়। লিখন স্লিপ নিয়ে হাসপাতালের সামনে বর্ষণ মেডিসিন অ্যান্ড সার্জিক্যাল নামে ফার্মেসিতে গিয়ে ইনজেকশনটি চান। এ সময় ইনজেকশনটি তাঁর কাছে ৫২০ টাকায় বিক্রি করা হয়। পরে খোঁজ নিয়ে লিখন জানতে পারেন, ইনজেকশনটির দাম মাত্র ১৬ টাকা। এ ঘটনায় তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে ফার্মেসির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ১৬ টাকার ইনজেকশন ৫২০ টাকা বিক্রির প্রমাণ মিলেছে। এমন প্রতারণা করায় ফার্মেসি মালিককে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, লিখনকে জরিমানার অর্থ থেকে ২৫ শতাংশ; অর্থাৎ ৭ হাজার ৫০০ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে।