গাজীপুরে এনসিপির প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি প্রার্থী বললেন, ‘ভাইরাল হওয়ার চেষ্টা’
গাজীপুর-২ (জেলা শহর ও টঙ্গী) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী আলী নাছের খানকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। একই ঘটনায় এনসিপির গাজীপুর জেলার সদস্যসচিব আল আমিন আহত হয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।
আজ রোববার সকালে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি সদস্য মো. তরিকুল ইসলাম লিখিত এই অভিযোগ দেন।
গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। এখন সেটি তদন্ত করা হবে। এরই মধ্যে এনসিপির প্রার্থী আলী নাসের খানের নিরাপত্তার জন্য গানম্যান ও পুলিশ দেওয়া হয়েছে। তাঁর যদি আরও নিরাপত্তা প্রয়োজন হয়, তবে আরও নিরাপত্তাকর্মী দেওয়া হবে।’
রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগে বলা হয়, গতকাল সন্ধ্যা পৌনে সাতটায় জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় জোটের শাপলা কলি মার্কার সমর্থনে শোভাযাত্রা হয়। শোভাযাত্রাটি নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ী এলাকায় মূল সড়কে পৌঁছালে ধানের শীষের প্রার্থীর প্রচারণার মাইক বহনকারী অটোরিকশা শোভাযাত্রার গতিরোধ করে এবং উচ্চস্বরে মাইক বাজাতে থাকে। এ সময় তাদের চলে যাওয়ার জন্য অনুরোধ করলেও তারা কর্ণপাত না করে উসকানিমূলক আচরণ করতে থাকে। তখন দুই ব্যক্তি ধানের শীষের স্টিকারযুক্ত প্রাইভেট কার ব্যবহার করে গাড়িচাপা দিয়ে প্রাণনাশের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগ অস্বীকার করে গাজীপুর-২ আসনের বিএনপির প্রার্থী এম মঞ্জুরুল করিম বলেন, ‘জনপ্রিয়তা না থাকায় ভাইরাল হতেই এসব মিথ্যা অভিযোগ করেছেন এনসিপির প্রার্থী। আমি একটি প্রোগ্রাম শেষ করে পোড়াবাড়ি বাজারের পথ ধরে ফিরে আসছিলাম। তখন আমার সঙ্গে থাকা কয়েকজন পোড়াবাড়ি বাজারে রাস্তার পাশেই নামাজ পড়েন। তাঁদের আমার গাড়ির পেছনে না পেয়ে ফোন দিলে তাঁরা জানান নামাজ শেষে বের হলে এনসিপির প্রার্থী আলী নাসের খান তাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এখানে হুমকি কিংবা গাড়িচাপার চেষ্টার ঘটনা ঘটেনি।’