কুমিল্লায় অটোরিকশাচালক হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

কুমিল্লায় অটোরিকশাচালক সুমন মিয়াকে (১৯) হত্যার দায়ে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৩০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মো. শরীফ মিয়া (২৫) ও একই উপজেলার দড়িকান্দি গ্রামের আবদুল কাদের জিলানী (২৪)।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় সুমন মিয়ার (১৯) অটোরিকশাটি বাঞ্ছারামপুর ফরদাবাদ রবির বাজার থেকে রামচন্দ্রপুর বাজারে যাওয়ার কথা বলে ভাড়া নেন মো. শরীফ মিয়া ও আবদুল কাদের জিলানী। তাঁরা কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বড় পিপড়িয়া ঠাকুরবাড়িসংলগ্ন ইব্রাহিম মিয়ার ফসলি জমির পাশে খালের পাড়ে নিয়ে গলায় ও মুখে গামছা পেঁচিয়ে সুমনকে শ্বাসরোধে হত্যা করেন। লাশ কচুরিপানা ও বালু দিয়ে ঢেকে গুম করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান তাঁরা। এদিকে সুমন বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তাঁর বাবা ইসমাইল হোসেন বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। বাঙ্গরা বাজার থানা-পুলিশকে সঙ্গে নিয়ে আবদুল কাদের জিলানীকে তাঁর বাড়ি থেকে আটক করে বাঞ্ছারামপুর মডেল থানা-পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন জিলানী। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, সুমনের লাশ উদ্ধার করে বাঙ্গরা বাজার থানা-পুলিশ।


পরে এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় শরীফ মিয়া ও আবদুল কাদের জিলানীকে আসামি করে হত্যা মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) অমর চন্দ্র দাশ ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ ও এজাহারকারী খুশি। আশা করছেন, হাইকোর্ট এ রায় বহাল রেখে দ্রুত কার্যকর করবেন।