মোংলা বন্দরে চাকরির ভুয়া নিয়োগপত্র দি‌য়ে টাকা আত্মসাতের ঘটনার অন্যতম হোতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা বন্দরে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। সেই চক্রের ‘অন্যতম হোতা’ আজিজুল ইসলামকে আটক করেছে বন্দর কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রা‌তে খুলনা থে‌কে তাঁকে আটক করা হয়। শুক্রবার সকালে মোংলা থানায় তাঁকে সোপর্দ করা হয়।

এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষের সম্পত্তি শাখার ল্যান্ড সার্ভেয়ার আবুল খায়ের বাদী হয়ে আজিজুল ইসলাম নামে মোংলা থানায় প্রতারণার মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সুপারভাইজার পদে চাকরি পাওয়ার জন্য আজিজুল ইসলামের সঙ্গে ৮ লাখ টাকার চুক্তি করেছি‌লেন ইসমাইল হোসেন নামের এক ব্যক্তি। এ জন্য আজিজুলকে অগ্রিম ৫০ হাজার টাকাও দিয়েছিলেন ইসমাইল। বাকি ৭ লাখ ৫০ হাজার টাকা চাকরিতে যোগদানের পরে পরিশোধের কথা ছিল। এরই মধ্যে প্রতারণা চক্রের হোতা আজিজুল ইসলাম ধরা পড়লেন।

পু‌লি‌শের জিজ্ঞাসাবাদে আজিজুল ইসলাম সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা বলে জানান। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদে মোংলা বন্দরে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি স্বীকারও ক‌রে‌ছেন তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম‌নিরুল ইসলাম ব‌লেন, প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে আজিজুল ইসলামকে বাগেরহাট জেলা করাগারে পাঠানো হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম বলেন, জালিয়াতির মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে অর্থ হাতিয়ে নিত চক্রটি। আর এতে বন্দর কর্তৃপক্ষের সুনামও নষ্ট হতো। প্রতারক চক্রের অন্যতম হোতাকে ধরা হয়েছে। বাকিদের ধরা হবে।