চুয়াডাঙ্গা সীমান্তে ১১টি সোনার বারসহ এক পাচারকারী আটক: বিজিবি
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১১টি সোনার বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দর্শনা থানার সুলতানপুর সীমান্ত থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। তাঁর নাম তরিকুল ইসলাম (৩২)। তিনি পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তাঁর কাছ থেকে জব্দ করা সোনার বারগুলোর ওজন ৮১৬ গ্রাম।
বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশ থেকে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে, এমন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল সীমান্তে অভিযান চালায়। সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন একজন সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাঁকে আটক করেন। এরপর তাঁর লুঙ্গির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১১টি সোনার বার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় আটক আসামিকে মামলাসহ দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।