মধ্যরাতে আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

বাড়িটির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মহাজনপাড়ায়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বসতবাড়িতে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মহাজনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মধ্যরাতে আগুনে পুড়ে মারা যাওয়া একই পরিবারের পাঁচজন
ছবি: সংগৃহীত

মৃত ব্যক্তিরা হলেন—খোকন বসাকের বাবা কাঙ্গাল বসাক (৬৮), মা ললিতা বসাক (৫৭), স্ত্রী লাকি বসাক (৩৩), ছেলে সৌরভ বসাক (১২) ও মেয়ে শায়ন্তী বসাক (৬)। আহত খোকন বসাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া অটোরিকশা
ছবি: সংগৃহীত

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। যখন আগুন লাগে, তখন পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা দরজা ভেঙে একজনকে জীবিত উদ্ধার করতে পারেন। বাড়ির পাঁচটি কক্ষ থাকায় কে কোন কক্ষে শুয়ে ছিলেন, সেটা শনাক্ত করা কঠিন ছিল। ভোররাত ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

মো. কামরুজ্জামান আরও বলেন, ওই বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।