নোয়াখালীতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলার মানচিত্র

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় সুরাইয়া আক্তার (১৮) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া ঠাকুরবাড়িতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে সন্ধ্যায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পিতভাবে সুরাইয়াকে হত্যা করেছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী ফয়সাল মাহমুদ ওরফে পাভেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নিহত সুরাইয়ার চাচা জাকির হোসেন ও নুর আহমদ অভিযোগ করে বলেন, প্রায় ৯ মাস আগে সুরাইয়ার সঙ্গে উপজেলার ছয়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দোয়ালিয়া গ্রামের ঠাকুরবাড়ির মো. আবদুল্লাহর ছেলে ফয়সাল মাহমুদের বিয়ে হয়। সুরাইয়া প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সুরাইয়ার ওপর নানাভাবে নির্যাতন করতেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। নির্যাতনের ভয়ে সুরাইয়া বাবার বাড়িতে গেলে শ্বশুরবাড়িতে আসতে চাইতেন না।

স্বজনদের অভিযোগ, চার দিন আগে সুরাইয়া বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যান। তিন দিন ধরে তাঁর শ্বশুরবাড়িতে ঝগড়া চলছে। ঝগড়ার জেরে তাঁদের বাড়িতে রান্না হয়নি। শ্বশুরবাড়ির ঝগড়া–বিবাদে অতিষ্ঠ হয়ে আজ দুপুর ১২টার দিকে সুরাইয়া বাবার বাড়ি চলে যাওয়ার চেষ্টা করলে তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়।

সুরাইয়ার চাচা জাকির হোসেন বলেন, বেলা সাড়ে তিনটার দিকে সুরাইয়ার শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ফোন করে জানান, সুরাইয়া বিষপান করে আত্মহত্যা করেছে। কিন্তু তাঁরা গিয়ে সুরাইয়ার মুখে কোনো বিষের গন্ধ পাননি। তাঁর মুখে থাপ্পড়ের দাগ আছে। তারা তাঁর ভাতিজিকে হত্যার পর বিষপানের অপপ্রচার চালিয়ে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল থেকে তাঁরা লাশ বাড়িতে নিয়ে আসেন।

তবে পুত্রবধূকে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন সুরাইয়ার শ্বশুর মো. আবদুল্লাহ। তিনি দাবি করেন, ‘তাঁর ছেলের স্ত্রী সুরাইয়া অনেক ভালো মেয়ে ছিল। তাঁর ছেলে তাকে খুব ভালোবাসত। তাকে হত্যার প্রশ্নই ওঠে না। হঠাৎ খিঁচুনি রোগে আক্রান্ত হয়ে সে মারা গেছে।’

বেগমগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক প্রথম আলোকে বলেন, সুরাইয়ার বাবা দুলাল হোসেন অভিযোগ করেছেন, তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে। তবে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁরা সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। লাশ ময়নাতদন্তের জন্য কাল শনিবার সকালে মর্গে পাঠাবেন। এ ঘটনায় স্বজনদের অভিযোগের আলোকে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।