বেলাবতে নিখোঁজ শিশুর চোখ ওপড়ানো লাশ পাওয়া গেল ঝোপে
নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের আট দিন পর চার বছর বয়সী এক শিশুর অর্ধগলিত লাশ স্থানীয় একটি ঝোপের মধ্য থেকে উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেল পাঁচটার দিকে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের মেরাতলীকান্দা গ্রামের আড়িয়াল খাঁ নদের তীরের ঝোপের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
চোখ ওপড়ানো ও বিবস্ত্র অবস্থায় লাশটি পাওয়া যায়। শিশুটির পরিবারের দাবি, কেউ তাকে শারীরিক নির্যাতন করে হত্যার পর চোখ উপড়ে লাশ ওই ঝোপের ভেতরে ফেলে গেছে।
শিশুটির বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। তার মা ও বাবা গাজীপুরের টঙ্গীর একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে শিশুটি বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নে নানার বাড়িতে থাকত।
স্থানীয় লোকজন ও শিশুর পরিবারের সদস্যরা জানিয়েছেন, শিশুটিকে ১৯ ডিসেম্বর দুপুরে মেরাতলীকান্দা সড়কের একটি কালভার্টের পাশে বসে কাঁদতে দেখা যায়। এর পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনদের বাড়িসহ আশপাশের অনেক জায়গায় খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে মাইকিং করা হয়।
আজ বেলা আড়াইটার দিকে মেরাতলীকান্দা গ্রামের কয়েকজন কৃষক আড়িয়াল খাঁ নদসংলগ্ন জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় তাঁরা দুর্গন্ধ পেয়ে এর উৎস খুঁজতে থাকেন। একপর্যায়ে ঝোপের ভেতরে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। লাশের একটু দূরেই পড়ে ছিল তার হাফপ্যান্ট। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে বেলাব থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ওই শিশুর নানা প্রথম আলোকে বলেন, ‘গত সোমবার দুপুরে আমার নাতনি নিখোঁজ হয়। পরে থানায় গিয়েছিলাম জিডি (সাধারণ ডায়েরি) করতে। কিন্তু পুলিশ আমাকে বলেছিল, আড়িয়াল খাঁ নদসংলগ্ন স্থানগুলোতে আরও খোঁজ করতে। তাই পরে আর জিডি করা হয়নি। মেয়েটাকে কে বা কারা ধর্ষণের পর হত্যা করে চোখ উপড়ে লাশ ওই ঝোপে ফেলে রেখে গেছে।’
শিশুটির বাবা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার নিষ্পাপ মেয়েকে যারা নির্যাতন করে হত্যা করেছে। আমি তাদের উপযুক্ত বিচার চাই।’
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ। তিনি প্রথম আলোকে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা মামলা হিসেবে নেওয়া হবে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।