মির্জাপুরে ডাকাতির চেষ্টার অভিযোগে পিটুনিতে নিহত ১

পিটুনিপ্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে একটি সড়ক অবকাঠামো রক্ষণাবেক্ষণ কেন্দ্রের ভেতরে ডাকাতির চেষ্টার অভিযোগে পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের পর ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের পাশে উপজেলার কদিমধল্যা ও কাটরা গ্রামের সীমান্তবর্তী এলাকায় নির্মাণাধীন বিআরটিএর রোড অপারেশনাল ইউনিটে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শুকুর আলী (২৫)। তিনি জেলার কালিহাতী উপজেলার নারিন্দা ইউনিয়নের নগরবাড়ি গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় কেন্দ্রটির নিরাপত্তাপ্রহরী খোকন শেখ আহত হয়েছেন। তাঁকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি মির্জাপুরের আছিমতলায় থাকেন। তবে তাঁর মূল বাড়ি সিরাজগঞ্জে। তাঁর মাথায় আঘাত লেগেছে এবং সেখানে সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদুল ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার নামাজের সময় একটি পিকআপে করে ৬ থেকে ৭ জনের একটি দল রোড অপারেশনাল ইউনিটে প্রবেশের চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা নিরাপত্তাপ্রহরী বাধা দিলে তাঁকে মারধর করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ও মহাসড়কের সার্ভিস লেন দিয়ে চলাচলকারী মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা পালিয়ে যান। তবে শুকুর আলীকে আটক করে স্থানীয় বাসিন্দারা পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত খোকনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুকুর আলীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান। পিটুনির বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে ঠিক কী ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে, কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সেখানে প্রবেশের চেষ্টা করেছিলেন।

নিহত শুকুর আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় চারটি চুরির মামলা রয়েছে বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।