গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গৃহবধূ জরিনা খাতুনকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ওই আসামি হলেন অছিকার রহমান সরদার। তিনি টুঙ্গিপাড়া উপজেলার গজালিয়া গ্রামের মো. সেকেন্দার সরদারের ছেলে। তবে মামলার অন্য সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জরিনা খাতুনের প্রথম স্বামীর মৃত্যুর পর ১৯৯৭ সালে অছিকার রহমানের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর জরিনার প্রথম স্বামীর জমি বিক্রি করে টাকা এনে দেওয়ার জন্য অছিকার চাপ দিতে থাকেন। জরিনা এ বিষয়ে রাজি না হলে অছিকার জরিনার ভরণপোষণের খরচ দেওয়া বন্ধ করে দেন। পরে জরিনা ২০০৩ সালে অছিকারের বিরুদ্ধে গোপালগঞ্জের আদালতে ভরণপোষণের মামলা করেন এবং একই উপজেলার গজালিয়া গ্রামে প্রথম স্বামীর বাড়িতে ফিরে যান। ওই মামলায় আপসের শর্তে অছিকার সরদার কারাগারে যান। ২০০৫ সালের ৪ জুন অছিকার সরদার আদালত থেকে জামিনে মুক্তি পান।

২০০৫ সালের ৭ জুন রাত সাড়ে ১১টার দিকে জরিনার সঙ্গে কথা বলার জন্য অছিকার গজালিয়া গ্রামে জরিনার প্রথম স্বামীর বাড়িতে যান। এর পর থেকে জরিনা নিখোঁজ হন। রাতে জরিনাকে না পেয়ে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। পরদিন সকালে ওই গ্রামের একটি খাল থেকে জরিনার লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন জরিনার ভাই বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। পরে টুঙ্গিপাড়া থানার পুলিশ মামলার তদন্ত করে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি সহকারী কৌঁসুলি (এপিপি) শহীদুজ্জামান খান বলেন, তিনি এ রায়ে সন্তুষ্ট। রায় ঘোষণার সময় একজন আসামি ছাড়া অছিকার ও অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

তবে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী মো. রবিউল আলম প্রথম আলোকে বলেন, এ রায়ে আইনের সঠিক প্রয়োগ হয়নি। এ রায়ে তাঁরা ক্ষুব্ধ। আসামিপক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হবে।