নড়াইলে পাওনা টাকা আনতে গিয়েছিলেন দুই ভাই, একজনকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা দেওয়ার কথা বলে দুই ভাইকে ডেকে নিয়েছিলেন এক প্রতিবেশী। এ সময় বাগ্বিতণ্ডা ও হাতাহাতির এক পর্যায়ে এক ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার কুমারডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম আলিনুর ফকির (৩০)। তিনি লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের আবদুল হাই ফকিরের ছেলে। আলিনুর পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
অভিযুক্ত প্রতিবেশী একই গ্রামের রাজিব শেখ (৩০)।
নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ, গত রমজান মাসে আলিনুরের বড় ভাই আমিনুর একই গ্রামের রাজিবকে ১৮ হাজার টাকা ধার দিয়েছিলেন। কথা ছিল, মাসখানেকের মধ্যে ধারের টাকা ফেরত দেবেন রাজিব। পরে টাকা দিতে তিনি নানা টালবাহানায় সময়ক্ষেপণ করেন।
গতকাল রাতে টাকা দেওয়ার কথা বলে আমিনুরকে ডেকে নেন রাজিব। আমিনুর যাওয়ার সময় সঙ্গে ছোট ভাই আলিনুরকে নিয়ে যান। দুই ভাই ওই বাড়িতে যাওয়ার পর রাজিব টাকা দিতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে আলিনুরকে কুপিয়ে জখম করা হয়। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহত আলিনুরের বড় ভাইয়ের ভাষ্য, ‘রাত সাড়ে নয়টার দিকে সে (রাজিব) কয়, ভাই, আইসে টাকা নিয়ে যা। ছোট ভাইরে সাথে নিয়ে গেছি। আমরা দুই ভাই গেছি টাকা আনতি, খালি হাতে। ওহানে ওগের বাপ-চাচা, ছেলেপেলে, বংশের লোকজন অনেক। যাওয়ার পর কচ্ছে, টাকা এক সপ্তাহ পরে দেব। এরপর টাকাপয়সা চাওয়াচাওয়ি নিয়ে চিল্লাপাল্লা ও হাতাহাতি হয়ছে। এরই মধ্যি দেখি, আলিনুররে কোপ দেছে।’
ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিব শেখসহ অন্যরা গা ঢাকা দিয়েছেন। এ কারণে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনার খবর পেয়ে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।