টঙ্গীতে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী ট্রাক টার্মিনাল এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার দুপুরে গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় অজ্ঞাতনামা ২০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এখন পর্যন্ত এ মামলায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গতকাল শনিবার বেলা তিনটার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ট্রাক টার্মিনালের সামনে ট্রাকশ্রমিকেরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক কায়সার হাসান, কনস্টেবল মাসুদ রানা ও আমিনুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে পৌঁছাতেই ১৫০ থেকে ২০০ ট্রাকশ্রমিক উত্তেজিত হয়ে তাঁদের ওপর হামলা চালান। শ্রমিকেরা এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।

মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. মাহবুব-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালান। তাঁদের মারধরসহ গাড়ি ভাঙচুর করেন। এ ঘটনায় আইন অনুযায়ী মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশেই চেরাগ আলী এলাকায় গড়ে উঠেছে ট্রাক টার্মিনাল। কয়েক জেলার অন্তত তিন–চার হাজার গাড়ি থাকে এখানে। এর মধ্যে কিছু গাড়ি সড়কে চলমান বিআরটি প্রকল্পের উড়ালসেতুর নিচে ও কিছু গাড়ি রাখা হয় সড়কসংলগ্ন মেঘনা রোড দখল করে।

গতকাল দুপুরে পুলিশের কয়েকজন সদস্য সেখানে গিয়ে সড়ক থেকে গাড়িগুলো সরাতে বলেন। কিন্তু শ্রমিকেরা তা না করে গাড়ি রেখে দেন একইভাবে। এ সময় পুলিশ ক্ষিপ্ত হয়ে সড়কে থাকা কিছু ট্রাকের সামনের হেডলাইট, লুকিং গ্লাস ও কাচ ভাঙচুর করে। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে টঙ্গী পশ্চিম থানার পুলিশ সেখানে গেলে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালান।

ঘটনার পর মুঠোফোনে ট্রাক টার্মিনালের সাধারণ সম্পাদক মো. আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পুলিশকে দোষারোপ করেন। তিনি বলেন, পুলিশ হঠাৎই এসে সড়কে থাকা প্রায় ৪০ থেকে ৪৫টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনার বিচারের দাবিতে শ্রমিকেরা সেদিন আন্দোলনে নামেন।

মামলার বিষয়ে জানতে গতকাল সন্ধ্যায় আবারও আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঘটনাটি দুঃখজনক ছিল। আমি মামলার পক্ষে। শুধু যাঁরা প্রকৃত দোষী, তাঁরা যেন ধরা পড়ে। কেউ যেন হয়রানির শিকার না হয়।’