রংপুরে বালুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষ, চালকের সহকারী নিহত
রংপুর নগরে বালুবোঝাই দুই ট্রাকের সংঘর্ষে একটি ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে নগরের হাছনাবাজার–সংলগ্ন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের সহকারী আলমগীর হোসেন রংপুর নগরের মডার্ন মোড় এলাকার বাসিন্দা। আহত ট্রাকচালক জালাল মিয়াকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।
দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাদশা মাসুদ আলম। তিনি জানান, সকাল সোয়া সাতটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে অ্যাম্বুলেন্সসহ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সেখান থেকে আহত ট্রাকচালক ও তাঁর সহকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মাসুদ আলম বলেন, বালুবোঝাই একটি ট্রাককে পেছন থেকে আরেকটি বালুবোঝাই ট্রাক ধাক্কা দেয়। ধাক্কা দেওয়া ট্রাকটির বাঁ দিকের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনার পর চালকের সহকারী ওই ট্রাকের ভেতরেই মারা যান। চালককে আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়।