মাদকের বিরুদ্ধে কথা বলায় যুবককে কুপিয়ে জখম, ‘মাদক কারবারির’ গোয়ালঘরে আগুন

মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে আহত করার পর স্থানীয় লোকজন এক মাদক কারবারির গোয়ালঘরে আগুন দেয়। গতকাল রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক ব্যবসা বন্ধ করতে বলায় মো. মহিউদ্দিন (৩৬) নামের এক যুবককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। ঘটনার পর উত্তেজিত জনতা এক ‘মাদক কারবারির’গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মুজিবুর রহমান নামে এক শিকলবাহা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ আছে। তিনি মাদক মামলায় কারাভোগের পর জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। বৃহস্পতিবার সন্ধ্যার পর মাস্টারহাট এলাকায় মহিউদ্দিনের সঙ্গে মুজিবুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত ইব্রাহিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিম মহিউদ্দিনকে কুপিয়ে জখম করেন। গুরুতর আহত মহিউদ্দিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের গোয়ালঘরে আগুন ধরিয়ে দিলে একটি গবাদিপশু পুড়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতিও নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, মাদক নির্মূলের লক্ষ্যে কয়েক দিন আগে আহছানিয়া পাড়ায় একটি সংগঠন গঠন করা হয়। ওই সংগঠনের সদস্য মহিউদ্দিন। ওই সংগঠনের মাধ্যমে এলাকায় মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় মুজিবুর রহমান ও তাঁর অনুসারীদের সঙ্গে বিরোধ তৈরি হয়। কয়েক দিন আগেও মহিউদ্দিনের সঙ্গে তাঁদের ঝগড়াঝাঁটি হয়।

জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত মুজিবুর রহমানের অনুসারী ইব্রাহিমের সঙ্গে মহিউদ্দিনের তর্ক হয়। তার জের ধরে ইব্রাহিম তাকে কুপিয়ে আহত করে। এ খবর শুনে উত্তেজিত জনতা মুজিবুর রহমানের গোয়ালঘরে আগুন দেয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আহত মহিউদ্দিনের সঙ্গে হাসপাতালে কথা বলেছি।’

তিনি আরও বলেন, ‘এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। আমরা আরও তথ্য নিচ্ছি, মাদক ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা।’