লালমনিরহাটে মসিউর রহমানের কুশপুত্তলিকা পোড়াল জেলা জাপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা পোড়াচ্ছেন জাপার নেতা–কর্মীরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় গোল চত্বরে
ছবি: প্রথম আলো

দলীয় সব পদ থেকে অব্যাহতি পাওয়া মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকা পুড়িয়েছেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির (জাপা) নেতা–কর্মীরা। সম্প্রতি ‘বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের’ প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই কর্মসূচির আয়োজন করে জেলা জাপা।

রওশন এরশাদ ইস্যুতে পক্ষ নেওয়ায় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ দলের সব পদ–পদবি থেকে মসিউর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাপার চেয়ারম্যান জি এম কাদের দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই অব্যাহতি দেন। রংপুর–১ (গঙ্গাচড়া) আসনের সংসদ সদস্য মসিউর রহমান জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ও জাপার সাবেক মহাসচিব। জি এম কাদের লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের বিডিআর রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাপার নেতা–কর্মীরা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড়ে গোল চত্বরে এসে শেষ হয়। এ সময় মসিউর রহমানের নাম লেখা দুটি কুশপুত্তলিকা পোড়ানো হয়।

এ সময় সেখানে বক্তব্য দেন জেলা জাপার আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সদর উপজেলা জাপার সদস্যসচিব রুহুল আমিন, পৌর জাতীয় পার্টির সদস্যসচিব আলমগীর হোসেন, জাতীয় সৈনিক পার্টির জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের জেলা আহ্বায়ক জাকিরুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

বক্তারা বলেন, জাপা চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে দল যখন সুসংগঠিত হচ্ছে, এগিয়ে যাচ্ছে, সে সময়ে মসিউর রহমান রাজনৈতিক কুচক্রী মহলের ইন্ধনে নানা বিভ্রান্তিমূলক অপপ্রচার চালাচ্ছেন। মসিউর রহমানের বিরুদ্ধে জিএম কাদের যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছেন, লালমনিরহাট জেলা জাতীয় পার্টি তার সঙ্গে একমত। মসিউর রহমানের মতো ‘দালাল শ্রেণির’ মানুষের জাতীয় পার্টি তে ঠাঁই হবে না।