খায়ের আবদুল্লাহ আজ বরিশালে আসছেন, অপেক্ষায় নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে বরণ করতে দলীয় কার্যালয়ের সামনে তৈরি করা হয়েছে মঞ্চ। সেখানে অপেক্ষমাণ সমর্থকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে
ছবি: প্রথম আলো

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ আজ বৃহস্পতিবার বরিশালে আসছেন। এ জন্য নগরের বিভিন্ন স্থানে তাঁর অনুসারী নেতা-কর্মীরা স্বাগত জানাতে সকাল থেকে অপেক্ষা করছেন। নগরের বিভিন্ন স্থানে এ উপলক্ষে তৈরি করা হয়েছে তোরণ। তাঁর ছবি সংবলিত ব্যানার-ফেস্টুন সাঁটানো হয়েছে।

১৫ এপ্রিল বরিশালসহ দেশের পাঁচ সিটিতে দলীয় মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। এতে বরিশালে মনোনয়ন পান আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মনোনয়ন পাওয়ার পর তিনি এখনো বরিশালে ফেরেননি। আবুল খায়ের আবদুল্লাহ আজ সকালে ঢাকা থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওয়ানা হন। সঙ্গে আছেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কয়েকজন কেন্দ্রীয় নেতাও তাঁর সঙ্গে বরিশালে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে আবুল খায়ের আবদুল্লাহ। তিনি বর্ষীয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই এবং বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছোট চাচা। সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে মেয়র পদে মনোনয়ন দিতে মহানগর ও জেলা আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠালেও তা অগ্রাহ্য হয়। ফলে সাদিক আবদুল্লাহর সমর্থকেরা হতাশ।

আরও পড়ুন

দলীয় নেতা–কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বরিশাল শহরে পৌঁছানোর পর আবুল খায়ের আবদুল্লাহ নগরের সদর রোডে সোহেল চত্বরে বরিশাল নগর ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেবেন। এ জন্য সেখানে মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে তাঁর সমর্থকেরা অবস্থান নিয়েছেন। বেলা সোয়া একটা পর্যন্ত তিনি বরিশাল শহরে পৌঁছাননি।

জেলা ও মহানগর আওয়ামী লীগ তাঁকে বরণে কোনো উদ্যোগ না নিলেও দলীয় কার্যালয়ে অবস্থান নিয়েছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

নগরের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান বলেন, অন্তত ১০ হাজার নেতা-কর্মী–সমর্থক তাঁকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। তৈরি হচ্ছে তোরণ, লাগানো হচ্ছে ব্যানার-ফেস্টুন। নথুল্লাবাদ দিয়ে নগরে প্রবেশ করে গাড়িবহর বিএম কলেজ, নতুন বাজার, জেলখানার মোড় হয়ে সদর রোডের অশ্বিনী কুমার হল হয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে থামবে। এরপর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। নগরবাসী ও নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেবেন আবুল খায়ের।