মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল ২ বন্ধুর
ফরিদপুর শহরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে গোয়ালচামট এলাকার আঙিনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের বৈঠাখালী গ্রামের মহেন্দ্র এলাহী শেখের ছেলে মো. ইনজামুল শেখ (২১) এবং ফরিদপুর শহরতলির ব্রাহ্মণকান্দা এলাকার নজরুল মৃধার ছেলে রাকিবুল (২০)। ইনজামুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, রাজবাড়ী রাস্তার মোড় থেকে মোটরসাইকেলে ওই দুই তরুণ শহরের দিকে আসছিলেন। এ সময় মাটিবাহী একটি ট্রাক শহরের দিক থেকে রাজবাড়ী রাস্তার মোড়ের দিকে যাচ্ছিল। আঙিনা সেতুর ওপর ওই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুই তরুণ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সুভাষ চন্দ্র বাড়ই বলেন, লাশ দুটি উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ট্রাফিক পুলিশের পরিদর্শক তুহিন লস্কর বলেন, শহর থেকে সেতু দিয়ে রাজবাড়ী রাস্তার মোড়ে যেতে হয়। অন্যদিকে রাজবাড়ী রাস্তার মোড় থেকে সেতুর পাশের সড়ক দিয়ে শহরে ঢুকতে হয়। মোটরসাইকেলটি উল্টো পথে আসছিল। মোটরসাইকেল ও ট্রাক একই পথে বিপরীত দিক থেকে আসায় দুর্ঘটনা ঘটে।
নিহত ইনজামুল ফরিদপুরে আলফা ইনস্যুরেন্স কোম্পানির পিয়ন ছিলেন। ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ইকবাল শরিফ বলেন, ইনজামাম প্রতি শুক্রবার তাঁর এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘোরাফেরা করতেন। আজও ঘোরাফেরার একপর্যায়ে দুর্ঘটনায় বন্ধুসহ নিহত হন।
নিহতের পিতা মহেন্দ্র এলাহী শেখ বলেন, ইনজামুল কয়েক দিন ধরে মোটরসাইকেল কেনার বায়না করছিল। আজ ছুটি থাকায় দুপুরে বন্ধুদের সঙ্গে ঘুরতে বাড়ি থেকে বের হয়। সেই মোটরসাইকেলই ইনজামুলের প্রাণ নিল। তবে তিনি মোটরসাইকেল কিনে দেননি। যে মোটরসাইকেল নিয়ে ইনজামুল দুর্ঘটনায় পড়েছে, সেটি কার তিনি জানেন না।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল প্রথম আলোকে বলেন, ট্রাকের চাপায় নিহত দুজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ট্রাকের চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।