তিন জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রকোনার পূর্বধলা উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খানের বাড়িতে আগুন দেওয়া হয়ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর নেতা-কর্মীদের ১৩টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টা থেকে আজ রোববার দুপুর ১২টার পর্যন্ত এসব ঘটনা ঘটে।

নেত্রকোনার পূর্বধলায় চার ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কমপক্ষে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত বিশকাকুনি ও আগিয়া ইউনিয়নের ছয়টি গ্রামে এসব ঘটনায় ১১টি আধা পাকা ও দুটি পাকা ঘর পুড়ে গেছে। অগ্নিসংযোগের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে গতকাল রাত আটটার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেলে করে বিশকাকুনি ইউনিয়নের পুটিকা বাজারে যান। সেখানে তাঁরা ‘জয় বাংলা’ স্লোগান দিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। এ সময় পূর্বধলা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু বকর রানার ওপর হামলা চালিয়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
ছবি: ভিডিও থেকে নেওয়া

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। রাত ১০টার পর থেকে ২টা পর্যন্ত বিশকাকুনি ইউনিয়নের বড়রুহি, ধলা যাত্রাবাড়ী ও বাদে পুটিকা এবং আগিয়া ইউনিয়নের বাট্টা, আগিয়া ও বেড়াইল গ্রামে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মধ্যে রয়েছে বিশকাকুনি ইউনিয়নের বড়রুহি গ্রামের বাসিন্দা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের উপজেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম, ধলা যাত্রাবাড়ী গ্রামের নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, তাঁর ভাতিজা নিষিদ্ধ ছাত্রলীগের পূর্বধলা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, বাদে পুটিকা গ্রামের আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবুল বাশার খান ও উপজেলা যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান ওরফে শুভর বাড়ি।

এ ছাড়া আগিয়া ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী আমানুর রশিদ খান, আগিয়া গ্রামের ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়জুর রহমান ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। বেড়াইল গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়।

এ সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সহায়তা চাইলেও বিক্ষুব্ধ লোকজন বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়ির পাশের ঘরে থাকা কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের উপজেলা কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ওরফে শাকু আগুনের সময় গোসলখানায় দরজা বন্ধ করে আত্মরক্ষার চেষ্টা করেন। একপর্যায়ে তাঁর শরীরে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

পূর্বধলা উপজেলা বিএনপির সভাপতি মো. আবু তাহের তালুকদার আজ দুপুরে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, যুবদল নেতা আবু বকর রানা পুটিকা বাজারে তাঁর ব্যক্তিগত কার্যালয়ে বসা ছিলেন। এ সময় নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। তিনি এখন রানাকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রয়েছেন।

মাদারীপুর শহরে হোটেল সার্বিক ইন্টারন্যাশনালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

আবু তাহের তালুকদার বলেন, এ ঘটনার জেরে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন। খবর পাওয়ার পরপরই দলীয় নেতা-কর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন। এরপর তাঁরা থেমে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, যুবদল নেতার ওপর অতর্কিত হামলার ঘটনায় বিক্ষুব্ধ লোকজন পাঁচ-ছয়টি বাড়িতে আগুন দেন। এ ছাড়া বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি আরও জানান, যুবদল নেতার ওপর হামলার ঘটনায় বিশকাকুনির বাসিন্দা বিল্লাল হোসেন নামের এক যুবলীগ কর্মীকে গভীর রাতে ময়মনসিংহের চরপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

শাজাহান খানের দুই ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর

মাদারীপুর শহরের সদর থানা-সংলগ্ন চাঁনমারি এলাকায় আজ দুপুর ১২টার দিকে মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের মালিকানাধীন একটি আবাসিক হোটেল ও একটি বাণিজ্যিক ভবনে ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) একটি গাড়িও ভাঙচুর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা কর্মসূচির প্রতিবাদে আজ বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন জেলা যুবদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি কামাল সরদার। মিছিলটি মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের ডিসি ব্রিজ এলাকা থেকে শুরু হয়ে সদর থানা-সংলগ্ন চাঁনমারি এলাকায় পৌঁছায়। সেখানে প্রথমে শাজাহান খানের মালিকানাধীন হোটেল সার্বিক ইন্টারন্যাশনালে হামলা চালানো হয়। এ সময় হোটেলের সামনে থাকা আইওএমের একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

এরপর হামলাকারীরা সদর থানার প্রধান ফটকের সামনে শাজাহান খানের মালিকানাধীন একটি বাণিজ্যিক ভবনেও ভাঙচুর চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হোটেল সার্বিক ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক ওয়ালিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ মিছিল থেকে দেশীয় লাঠিসোঁটা নিয়ে হোটেলের নিচে হামলা চালায়। হোটেলে কয়েকজন বিদেশি অতিথি রয়েছেন। তাঁদের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো হোটেলে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। হোটেলে হামলার পর তারা সামস টাওয়ারে হামলা করে। হামলার নেতৃত্বে ছিলেন যুবদলের নেতা-কর্মীরা।’

ঘটনার বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা কামাল সরদার হামলা ও ভাঙচুরের ঘটনা অস্বীকার করেন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘মিছিল থেকে বিক্ষুব্ধ জনতা হোটেলে হামলা করে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে কয়েকটি জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। নতুন করে কোনো সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মিছিলের ভিডিও পোস্ট করার পর বাড়িতে হামলা

পটুয়াখালীর মহিপুর থানা সড়ক এলাকায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের ব্যক্তিগত সহকারী (পিএ) মহিবুল্লাহ পাটোয়ারীর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন তাঁর পরিবার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানার ইউসুফপুর মাদ্রাসা-সংলগ্ন সড়কে মশাল মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম তামীম ও তাঁর অনুসারীরা।

ওই মিছিলের প্রতিবাদে মহিপুর থানা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পাল্টা বিক্ষোভ মিছিল বের করেন। পরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে চার তরুণকে আটক করে মহিপুর থানা-পুলিশে সোপর্দ করেন তাঁরা।

সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের ব্যক্তিগত সহকারী মহিবুল্লাহ পাটোয়ারীর বাসায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্র জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের ওই মশালমিছিলের ভিডিও সাবেক প্রতিমন্ত্রীর পিএ মহিবুল্লাহ পাটোয়ারী তাঁর ফেসবুকে পোস্ট করেন। পরে বিষয়টি স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নজরে আসে। এর পরপরই মহিপুর থানা সড়ক এলাকায় মহিবুল্লাহ পাটোয়ারীর বাসায় হামলার ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর থেকে মহিবুল্লাহ আত্মগোপনে আছেন।

মহিবুল্লাহ পাটোয়ারীর স্ত্রী সাবিনা ইয়াসমিন অভিযোগ করেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে হাতুড়ি, দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে এক থেকে দেড় শ ব্যক্তি তাঁদের বসতঘরে প্রবেশ করেন। এ সময় তিনি ও তাঁর ৮০ বছর বয়সী শ্বশুর ছালেহ পাটোয়ারী ও ৭৫ বছর বয়সী শাশুড়ি ফিরোজা বেগম বাধা দিলে তাঁদের মারধর করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে হামলাকারীরা ঘরে ভাঙচুর চালিয়ে দুই ভরি স্বর্ণালংকার, তাঁর ও তাঁর স্বামীর শিক্ষাগত সনদ, জমির দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যান। তিনি বলেন, হামলাকারীরা ৪০ থেকে ৪৫ মিনিট তাঁদের ঘরে তাণ্ডব চালান। এ সময় রান্না করা খাবারও ফেলে দেওয়া হয়।

সাবিনা ইয়াসমিন দাবি করেন, হামলাকারীদের মধ্যে মহিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন গালিবসহ তাঁদের অনুসারীরা ছিলেন।

অভিযোগের বিষয়ে মহিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল রাতে তাঁর এলাকায় ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী মশালমিছিল করে। ওই মিছিলের ভিডিও তাৎক্ষণিকভাবে সাবেক প্রতিমন্ত্রীর পিএ মহিবুল্লাহ তাঁর ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন এবং উসকানিমূলক বক্তব্য দেন। এ ছাড়া তিনি প্রবাসে থেকে সব সময় সরকারবিরোধী ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন। এ কারণে তাঁর বাসায় হামলার ঘটনা ঘটে।’ ওই বাসা থেকে কোনো মালামাল লুট করা হয়নি বলে দাবি করেন তিনি।

অন্যদিকে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন মহিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন গালিব। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় আমার বাড়িতে ছিলাম।’

এ বিষয়ে জানতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে মহিপুর থানার ওসি শামিম হাওলাদারের মুঠোফোনে কল করা হলে তিনি মিটিংয়ে থাকার কথা জানিয়ে কলটি কেটে দেন। পরে বেলা দুইটা থেকে সোয়া দুইটা পর্যন্ত তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

[এই প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন প্রতিনিধি নেত্রকোনা, মাদারীপুর ও পটুয়াখালী]