ঘুরতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু
পিকনিক স্পট স্বপ্নপুরীতে ঘুরতে যাওয়ার জন্য দুলাভাই নূরুন্নবী ইসলামের (৪০) নিকট বায়না ধরেছিলেন চাচাতো শ্যালিকা হোসনে আরা (২০)। সকালে বাড়ি থেকে মোটরসাইকেলে করে রওনা দেন শ্যালিকা-দুলাভাই। পথে মহাসড়কের এক তিনমাথা মোড়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন দুলাভাই। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন শ্যালিকাও।
আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের রেলগুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূরুন্নবী ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাঁধাবাড়ি গ্রামের আশরাফ আলীর ছেলে। আহত হোসনে আরা দিনাজপুরের হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের এমদাদুল হকের মেয়ে।
হতাহত ব্যক্তিদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ সকালে হাকিমপুর উপজেলার জালালপুর থেকে মোটরসাইকেলে করে শ্যালিকা হোসনে আরাকে নিয়ে নবাবগঞ্জের পিকনিক স্পট স্বপ্নপুরীতে যাচ্ছিলেন নূরুন্নবী।
মোটরসাইকেলটি বিরামপুরের ঘোড়াঘাট রেলগুমটির তিনমাথা মোড়ে পৌঁছালে বিরামপুর শহর থেকে আসা একটি খালি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে দুজন ছিটকে রাস্তায় পড়েন। এ সময় নূরন্নবী মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পেয়ে গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক নূরুন্নবীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত নুরুন্নবী ইসলামের পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।