আলমডাঙ্গায় ট্রাকচাপায় বিদ্যালয়ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বালুবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. আয়ান (১১) নামের বাইসাইকেল আরোহী এক বিদ্যালয়ছাত্র নিহত হয়েছে। আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কের রোয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আয়ান উপজেলার জেহালা ইউনিয়নের রোয়াকুলি গ্রামের মো. ওল্টুর ছেলে। সে রোয়াকুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিদ্যালয়ছাত্র মো. আয়ান আজ রোববার দুপুর সোয়া ১২টার দিকে এলাকার বদরগঞ্জ বাজারে সেলুন থেকে চুল কেটে বাইসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিল। রোয়াকুলি বটতলায় পৌঁছালে বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় আয়ান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ বলেন, পুলিশ ট্রাকটিকে জব্দ করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন।