রুমায় আবারও আইইডি বিস্ফোরণ, একজন নিহত
বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) পুঁতে রাখা আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।
হতাহত ব্যক্তিরা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের বাঁশীরামপাড়ার বাসিন্দা বলে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন রাত সাড়ে আটটায় জানিয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের লুম্বুপাহাড়ে আইইডি বিস্ফোরণে দুই সেনাসদস্য নিহত ও দুই কর্মকর্তা আহত হয়েছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়। রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের মিয়ানমারের সীমান্তবর্তী ওই এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেএনএর বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে। নতুন সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দাবি কেএনএ তাদের সশস্ত্র শাখা।
পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে পোর্টার হিসেবে সালোপিপাড়ায় যাচ্ছিলেন ওই দুজন। পাড়ায় প্রবেশ করার আগে বেলা তিনটার দিকে কেএনএর পুঁতে রাখা আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে। সামনে থাকা গুলিচান ত্রিপুরার ছেলে জুয়েল ত্রিপুরা (২৬) ও সচিন ত্রিপুরার ছেলে আব্রাহাম ত্রিপুরা (৩৫) গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে জুয়েল ত্রিপুরার মৃত্যু হয়।
নিহত জুয়েলের বাবা গুলিচান ত্রিপুরাও অভিযান দলের সঙ্গে ছিলেন। তিনি বলেন, সালোপিপাড়া ঢোকার কিছু দূরে বেলা তিনটার দিকে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে আহত জুয়েলসহ দুজনকে কাঁধে করে প্রথমে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখান থেকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে নিয়ে আসার পথে জুয়েলের মৃত্যু হয়েছে। অভিযানে তাঁদের বাঁশীরামপাড়া থেকে ২০ জন ত্রিপুরাসহ আরও অন্যান্য পাড়া থেকে মারমা ও ম্রোর প্রায় ৮০ জন পোর্টার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গিয়েছিলেন। আইইডি বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসার জন্য তাঁরা চারজন এসেছিলেন। অন্যরা এখনো নিরাপত্তা বাহিনীর সঙ্গে রয়েছেন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, স্প্লিন্টারে মাথায় ও বুকে আঘাত পাওয়া জুয়েলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। গুরুতর আহত আব্রাহাম ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
থানচি থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেছেন, ঘটনাস্থল রুমা উপজেলায় হলেও কাছাকাছি হওয়ায় আহত দুজনকে থানচি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়েছিল। আনার পথে একজনের মৃত্যু হয়েছে। তাঁরা নিরাপত্তা বাহিনীর অভিযানের সঙ্গে পোর্টার হিসেবে গিয়েছিলেন।