কার্পেটিং ফুঁড়ে বের হচ্ছে ঘাস
কার্পেটিং শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পিচ ফুঁড়ে জন্মেছে ঘাস। খুলনার ডুমুরিয়ায় নির্মাণাধীন নর্নিয়া-রোস্তমপুর সড়কে। ছবি: প্রথম আলোসড়কের কার্পেটিং শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই পিচ ফুঁড়ে জন্মেছে ঘাস। হাতের আঙুল দিয়েই তুলে ফেলা যাচ্ছে পিচ। ধসে পড়ছে সড়কের পাশের মাটিও। এমন ঘটনা ঘটেছে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের নির্মাণাধীন নর্নিয়া-রোস্তমপুর সড়কে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছেন ঠিকাদার। এ ছাড়া তড়িঘড়ি করে কোনো রকম কাজ শেষ করা হয়েছে। এ কারণে সড়কটি টিকছে না।
এলাকাবাসী জানান, ১৯৮৮ সাল পর্যন্ত ওই সড়কটি ছিল মাটির। এরপর সেখানে ইটের সলিং (হেরিং বোন বন্ড) দেওয়া হয়। এলাকাবাসীর দাবি ও স্থানীয় জনপ্রতিনিধিদের তদবিরে ২০২১ সালে সেখানে পাকা সড়ক নির্মাণের বরাদ্দ হয়। ওই বছরের সেপ্টেম্বরে স্থানীয় (খুলনা-৫ আসন) সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ নির্মাণকাজের উদ্বোধন করেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ডুমুরিয়া উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, ১ দশমিক ৭ কিলোমিটার সড়ক পাকা করতে বরাদ্দ দেওয়া হয় ১ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে রয়েছে পাকা সড়ক নির্মাণ, কিছু স্থানে সড়ক রক্ষা দেয়াল নির্মাণ ও একটি কালভার্ট নির্মাণ। কাজের মেয়াদ ছিল চলতি বছরের জুন পর্যন্ত।
সরেজমিনে ৮ জুলাই দেখা যায়, সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কের চুকনগর বাজার থেকে যশোরের দিকে কিছুটা এগিয়ে গেলেই পড়ে নর্নিয়া গ্রাম। ওই গ্রামের উত্তর দিক দিয়ে চলে গেছে নর্নিয়া-রোস্তমপুর সড়ক। মহাসড়ক থেকে সেটি রোস্তমপুর গ্রামের দিকে চলে গেছে। প্রধান সড়ক থেকে রোস্তমপুর গ্রামে ওই সড়ক ধরে কিছুটা যেতেই সড়কের মাঝবরাবর কাটা। এলাকাবাসী জানান, সেখানে নির্মাণ করা হবে কালভার্ট। সদ্য কার্পেটিং করা সড়কটির মডেল মহিলা মাদ্রাসার সামনে দেখা যায়, কালো পিচ ফুঁড়ে বের হয়েছে সবুজ ঘাস। ওই সড়কের বিভিন্ন জায়গায় দেখা গেছে এমন চিত্র। অনেক স্থানে সড়কের পাশের মাটি বৃষ্টির পানিতে ধুয়ে গেছে।
অনেক অপেক্ষার পর পাওয়া পাকা সড়কের এমন নিম্নমানের কাজ কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও এলজিইডির কার্যালয়ে অভিযোগ দিয়েছেন তাঁরা। তাঁরা জানান, সড়কের অনেক জায়গায় ঘাস জন্মেছে। তবে ঘাস জন্মানোর পর ব্যাপক সমালোচনার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কীটনাশক ছিটিয়ে ঘাস মেরে ফেলেছেন। এ কারণে বর্তমানে ঘাসের উপস্থিতি বেশ কম। ওই কীটনাশকের প্রভাবে সড়কের পাশের সবুজ ছোট ছোট গাছও মারা গেছে।
এলাকাবাসী আরও জানান, এতটুকু সড়ক নির্মাণে সময় লেগেছে প্রায় দুই বছর। ২০২১ সালের নভেম্বর মাসের দিকে সেখানে দেওয়া হয় ইটের খোয়া। দীর্ঘ বিরতির পর এবারের কোরবানির ঈদের ঠিক আগমুহূর্তে বিটুমিন দেওয়ার কাজটি করা হয়। ঈদের সময় যে বৃষ্টি হয়েছে, তাতেই বেরিয়ে আসতে শুরু করে ঘাস। বৃষ্টিতে সড়কের পাশের মাটিও ধুয়ে যায়।
আটলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগ সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে ওই সড়কের কাজে শুরু থেকেই ব্যাপক অনিয়ম হয়েছে।
জানতে চাইলে ওই সড়ক নির্মাণকাজের ঠিকাদার ইকবাল হোসেন জমাদ্দার গত সোমবার প্রথম আলোকে বলেন, আগ থেকে সড়কের ওপর যদি কোনো ঘাসের বীজ থাকে, তাহলে বৃষ্টির পানি পেলে তা জন্ম নেয়। এখানে সেটিই হয়েছে। তবে তা কাজের মান খারাপের জন্য নয়। এরপরও এখনো ওই সড়কের কাজ শেষ হয়নি। যদি কোথাও কোনো ত্রুটি থাকে, তা সংশোধন করে দেওয়া হবে।
এলজিইডির ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোহা. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, সড়কের পিচ ফুঁড়ে কেন ঘাস জন্মেছে, তার ব্যাখ্যা চেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। এর বাইরে সড়কের পার্শ্বদেয়াল ও কালভার্ট নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য বলা হয়েছে।