রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে রশিতে ফাঁস লেগে শিশুর মৃত্যু
ঝালকাঠির রাজাপুরে দোলনায় ঝুলতে গিয়ে রশিতে গলায় ফাঁস লেগে মারিয়া আক্তার নামের আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মারিয়া উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের মো. মনজুরুল খানের মেয়ে। মারিয়া নৈকাঠি নোমপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।
মারিয়ার চাচা মো. মনির খান বলেন, বাড়ির পাশের একটি বাগানে সুপারিগাছের সঙ্গে রশি বেঁধে দোলনা তৈরি করেছিল মারিয়া। আজ সকালে নিজের তৈরি ওই দোলনায় ঝুলতে গেলে দোলনার রশি মারিয়ার গলায় জড়িয়ে যায়। মনি আক্তার নামের প্রতিবেশী এক শিশু এ দৃশ্য দেখে আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় মরিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।