প্রবারণা পূর্ণিমায় নদীতে ভাসল ‘স্বর্গের জাহাজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২০০ বছর ধরে রামুতে স্বর্গের জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। আজ সোমবার বিকালে বাঁকখালী নদীতে
ছবি: প্রথম আলো

পাঁচ-ছয়টি নৌকা একসঙ্গে বেঁধে তার ওপর বসানো হয়েছে বাঁশ, বেত ও রঙিন কাগজ দিয়ে তৈরি ‘স্বর্গের জাহাজ’। জাহাজে বাঁধা মাইকে চলছে বুদ্ধকীর্তন। জাহাজগুলো যখন ভেসে চলেছে, তখন বাদ্যযন্ত্রের তালে–তালে নাচগানে মেতে উঠছেন তরুণ-তরুণীরা।

আজ সোমবার বিকেল চারটায় কক্সবাজারের রামু উপজেলা ফতেখাঁরকুল ইউনিয়নের ফকিরাবাজার চেরাংঘাটা এলাকায় বাঁকখালী নদীতে আয়োজন করা হয় এ জাহাজ ভাসানো উৎসবের। বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ২০০ বছর ধরে রামুতে স্বর্গের জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী এ উৎসবে অংশ নেন রামুর ২৪টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকেরা।

আরও পড়ুন

এর আগে দুপুরে বিভিন্ন গ্রাম থেকে জাহাজগুলো আনা হয় নদীর তীরে। পর্যায়ক্রমে ৯টি জাহাজ ভাসানো হয় নদীতে। প্রথমে নদীতে ভাসানো হয় জাদি (প্যাগোডা) জাহাজ। এরপর ভাসানো হয় বানর, ময়ূর, সিংহ জাদি ও বুদ্ধমূর্তির আদলে তৈরি জাহাজগুলো।

২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা এলাকায় একটি নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকে রামুতে এই উৎসবের প্রচলন হয়।

জাহাজ ভাসানো উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে রামুতে হামলা চালিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ধ্বংস করা হয়েছিল। এক বছরের মাথায় প্রধানমন্ত্রী সেই ধ্বংসস্তূপের ওপর দৃষ্টিনন্দন নতুন বৌদ্ধবিহার নির্মাণ করে দিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এর ফলে রামুতে সম্প্রীতি ফিরে এসেছে। স্বর্গের জাহাজ ভাসানো উৎসবে সব সম্প্রদায়ের মানুষের উপস্থিতি প্রমাণ করে রামু সম্প্রীতির স্থান।

আরও পড়ুন

স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি প্রশান্ত ভূষণ বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোবেল কুমার বড়ুয়া, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সভাপতি নিতীশ বড়ুয়া, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন প্রমুখ। সঞ্চালনা করেন স্বর্গের জাহাজ ভাষা উৎসব উদ্‌যাপন পরিষদ-২২–এর সভাপতি অর্পন বড়ুয়া।

দুপুরে রামুর বিভিন্ন গ্রাম থেকে জাহাজগুলো আনা হয় বাঁকখালী নদীর তীরে। পর্যায়ক্রমে ৯টি জাহাজ ভাসানো হয় নদীতে। আজ সোমবার বিকালে
ছবি: প্রথম আলো

উৎসবের কিছুদিন আগে ঢোল, মন্দিরা, বাঁশিসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে বুদ্ধকীর্তন গেয়ে গ্রামের বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করেন বৌদ্ধ শিশু–কিশোর ও তরুণেরা। সেই টাকায় তৈরি হয় বিভিন্ন প্রতিকৃতির স্বর্গের জাহাজগুলো।

কমিটির সভাপতি অর্পন বড়ুয়া বলেন, প্রতিবছর তিন মাস ভিক্ষুদের বর্ষাব্রত পালন শেষে প্রবারণা পূর্ণিমার পরদিন জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করা হয়। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ২০০ বছর আগে মিয়ানমারের মুরহনঘা এলাকায় একটি নদীতে সংঘরাজ ম্রাজংব্রান প্রথম জাহাজ ভাসানো উৎসবের আয়োজন করেন। সেখান থেকে রামুতে এই উৎসবের প্রচলন হয়।

আরও পড়ুন

বৌদ্ধভিক্ষুরা জানান, আড়াই হাজার বছর আগে বৈশালী নামক রাজ্যে অনাবৃষ্টি, খরা ও দুর্ভিক্ষ দেখা দেয়। এর প্রভাবে মানুষ ও জীবজন্তু মারা যাচ্ছিল। তখন গৌতম বুদ্ধ বৈশালী রাজার আমন্ত্রণে শিষ্যদের নিয়ে ওই রাজ্যে যান। তিনি ‘রত্নসূত্র’ পাঠ করে খারাপ দেবতার প্রভাব থেকে বৈশালীকে রক্ষা করেন। ফিরতি পথে সর্প দেবতারা ৫০০টি নৌকায় শিষ্যসহ বুদ্ধকে নদী পার করে দেন। সেই দিনকে স্মরণ করতেই বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ স্বর্গের জাহাজ ভাসানো উৎসব উদ্‌যাপন করে আসছেন।