ঈদযাত্রায় মাইক্রোবাস দুর্ঘটনায় বাবা ও দুই ছেলে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করটিয়া বাইপাসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় বাবা ও দুই ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে করাতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হতাহত ব্যক্তিরা মাইক্রোবাসে ছিলেন। নিহত ব্যক্তিরা হলেন শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের আমজাদ মণ্ডল (৬৫) এবং তাঁর দুই ছেলে রাহাত মণ্ডল (২৬) ও অতুল মণ্ডল (১৪)। আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা বেগম (৬০), ছেলে রাহাতের স্ত্রী মরিয়ম (২২) ও মাইক্রোবাসচালক নাজমুল (৪০)। তাঁদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি যাচ্ছিল আমজাদ মণ্ডলের পরিবার। ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটি করাতিপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহত ব্যক্তিদের মরদেহ গোড়াই হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।