গোপালগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় লুৎফর রহমান হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ সোমবার গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা এজলাসে উপস্থিত ছিলেন। নিহত লুৎফর রহমান টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের বাসিন্দা।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজন হলেন খুলনার দাকোপ উপজেলার আমতালা গ্রামের মফিজুর রহমান হাওলাদার (৩২), গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের আবদুল্লাহ শিকদার (১৯) ও একই গ্রামের সাজেদুল ইসলাম (২৩)।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, লুৎফর মোল্লা দীর্ঘদিন ধরে ব্যবসার জন্য বিভিন্ন লোকজনকে টাকা ধার দিয়ে আসছিলেন। ২০২১ সালের ৭ অক্টোবর সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজারে চা খেতে যান লুৎফর। চা খাওয়া শেষে সেখান থেকে পাওনা টাকা নিয়ে চরকুশলী গ্রামে যান। সেখান থেকে রাত ১০টার দিকে লুৎফর রহমানের মুঠোফোনে একটি কল আসে। পরে তিনি সেখান থেকে ফোনে কথা বলতে বলতে হেঁটে বাড়ির দিকে রওনা হন। সোলাইমান শিকদারের বাগানের কাছে পৌঁছালে কয়েকজন তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যান। পরে তিনি মারা যান।
এ ঘটনায় নিহত লুৎফরের ছেলে সজিব মোল্লা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।
মামলার বাদী সজিব মোল্লা বলেন, ‘বাবা হত্যার এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আমরা সঠিক বিচার পেয়েছি। আশা করছি, উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে।’
আসামিপক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। শুধু একটি স্বীকারোক্তির ওপর ভিত্তি করে রায় ঘোষণা করা হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করব। আশা করি, সেখান থেকে সব আসামি বেকসুর খালাস পাবেন।’
মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আজগার আলী খান। তিনি বলেন, অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানাচ্ছেন।