ইভিএমের চক্রান্ত করে আবার ক্ষমতায় বসতে চাইছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে বিএনপির সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর। শনিবার সন্ধ্যায় সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে
ছবি: প্রথম আলো

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর (বীরউত্তম) বলেছেন, ‘২০১৪ সালে ভোটকেন্দ্রে কোনো ভোটার ছিল না। ছিল কুকুর, বিড়াল ও ছাগল। আবার ১৮ সালে কোনো ভোটই হয়নি দেশে। রাতের আঁধারে ভোট করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনে ইভিএমের চক্রান্ত করে আবার ক্ষমতায় বসতে চাইছে। কিন্তু সেই অভিলাষ পূরণ হবে না, এ দেশে আর তা হতে দেওয়া হবে না।’

শনিবার সন্ধ্যায় বরিশাল নগরের সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সব পণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে নগরেরর বিভিন্ন ওয়ার্ড নেতা-কর্মীরা যোগ দেন।

বরিশাল মহানগর বিএনপি আহ্বায়ক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে ও সদস্যসচিব মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হাবীব উন নবী খান সোহেল।

সমাবেশে আরও বক্তব্য দেন, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক, হাসান মামুন, মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান, শাহ্ আমিনুল ইসলাম, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া পারভীন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, মহানগর যুবদল সভাপতি আখতারুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম প্রমুখ।

প্রধান বক্তা হাবীব উন নবী খান বলেন, বাংলাদেশ আজ দেশের সংবিধান অনুযায়ী চলে না। চলে আওয়ামী লীগের বিভিন্ন অঞ্চলের গডফাদারদের সংবিধানে। এ জন্যই আজ তারা দিশাহারা হয়ে বিএনপির বিভিন্ন সভা–সমাবেশে হামলা করছে। বিএনপির সভা-সমাবেশে হামলা চালিয়ে দলীয় নেতা-কর্মীদের ওপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে। কিন্তু জনগণ জেগে উঠেছে। হামলা করে, সমাবেশ বানচাল করে, সমাবেশস্থল দখল করে কিংবা পুলিশ দিয়ে ধড়পাকড় করে এই আন্দোলনকে আর দমিয়ে রাখা যাবে না।