বালুবাহী ট্রাকে বেহাল

নেত্রকোনা থেকে ট্রাক ফেরার সময় বালু বোঝাই করে ফেরে। যে কারণে দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে খানাখন্দ অনেক বেশি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ময়মনসিংহ জেলার ১৫ কিলোমিটার অংশ বেহাল। বালুবাহী ট্রাক চলাচলের কারণে সড়কের এ অবস্থা। ডেঙ্গা মোড় এলাকায় গত সোমবার।
ছবি: প্রথম আলো

সড়কজুড়ে খানাখন্দ। উঠে গেছে পিচঢালাই। কোথাও কোথাও সড়কের একপাশ দেবে গেছে। অথচ ২০২০ সালেই ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কটির প্রশস্ত ও সংস্কারের কাজ শেষ হয়। তিন বছর পার হতে না হতেই আবারও খানাখন্দে ভরে গেছে মহাসড়কের ময়মনসিংহ অংশের প্রায় ১৫ কিলোমিটার অংশ। স্থানীয় ব্যক্তিরা বলেন, বালুবাহী ট্রাক চলাচল করার জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে।

গত সোমবার সরেজমিনে দেখা যায়, মহাসড়কটির ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ এলাকা থেকে শ্যামগঞ্জ বাজার এলাকার পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার অংশজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দের। সড়কের একপাশ বেশি খারাপ।

স্থানীয় বাসিন্দারা বলেন, মহাসড়কটি দিয়ে দিনে কয়েক শ ট্রাক চলাচল করে। ট্রাকগুলো দেশের বিভিন্ন জেলা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা যায়। ট্রাকগুলো যাওয়ার সময় খালি যায়। যে কারণে ময়মনসিংহ থেকে দুর্গাপুর যাওয়ার পথে মহাসড়কের বাম পাশটা অপেক্ষাকৃত মসৃণ। ফেরার সময় বালু বোঝাই করে ফেরে। যে কারণে দুর্গাপুর থেকে ময়মনসিংহে যাওয়ার পথে খানাখন্দ অনেক বেশি।

মহাসড়কের ডেঙ্গা মোড়, কাশিগঞ্জ বাজার এলাকা ও শ্যামগঞ্জ বাজার এলাকায় দেখা যায় ট্রাক, বাস, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। মহাসড়কের একপাশ বেহাল হওয়ার কারণে নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী যানবাহনগুলো বেশিরভাগই উল্টো পথে আসছে।

হেলাল উদ্দিন নামের একজন অটোরিকশাচালক বলেন, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাওয়ার পথে বাঁ পাশ ধরে চলার নিয়ম। কিন্তু বাঁ পাশ খুবই বেহাল। যে কারণে কিছুটা ঝুঁকি নিয়ে তাঁরা ডান পাশ ঘেঁষে চলেন। ডান পাশ দিয়ে ট্রাক বা বাস আসতে দেখলে দ্রুত আবার বাঁ পাশে ফিরে যান। এতে দুর্ঘটনার ঝুঁকি থাকে।

শামীম আহমেদ নামের একজন মোটরসাইকেল আরোহী বলেন, ময়মনসিংহ থেকে নেত্রকোনা যাওয়ার এ সড়কের এক পাশ খুবই খারাপ। তাঁরা সড়ক ফাঁকা পেলে উল্টো পাশে চলে যান। যে কারণে দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তা ও এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে বালু নিয়ে প্রতিদিন হাজারো ট্রাক যায় দেশের বিভিন্ন প্রান্তে। ওই সব ট্রাকগুলোর প্রায় শতভাগই ধারণক্ষমতার চেয়ে বেশি বালু বোঝাই করে। যে কারণে ময়মনসিংহ জেলার প্রায় ১৫ কিলোমিটার অংশ বর্তমানে বেহাল।

ডেঙ্গা মোড় এলাকার ব্যবসায়ী মো. ইমরান বলেন, ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কটির প্রশস্তকরণ ও সংস্কারকাজ শুরু হয় ২০১৯ সালে। সংস্কারকাজের শুরু থেকেই একদিকে সংস্কার হয়, আর ট্রাকের চাপায় অপর দিকে ভাঙতে থাকে। এখন তো তিন বছর পেরিয়ে গেল। এ সড়ক এখন আবার সংস্কার করা উচিত।

সওজের ময়মনসিংহ কার্যালয় সূত্র জানায়, দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অতিরিক্ত বালুবোঝাই ট্রাকের কারণেই সড়কটির ময়মনসিংহ থেকে শ্যামগঞ্জ পর্যন্ত বেহাল। তবে শ্যামগঞ্জ থেকে নেত্রকোনা পর্যন্ত বাকি অংশ ভালো আছে। ট্রাকগুলো ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত বালু বোঝাই করে চললেও মালবাহী ট্রাকের ওজন পরিমাপ করার করার কোনো ব্যবস্থা এ মহাসড়কে নেই। যে কারণে অতিরিক্ত বালুবোঝাই করা ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সাদ্দাম হোসেন বলেন, ‘আমরা বিভিন্ন সভায় ট্রাকগুলোর অতিরিক্ত বালু বোঝাই করা বন্ধের ব্যাপারে কথা বলেছি। তবে তাতে কোনো লাভ হচ্ছে না। পাশাপাশি আমরা এ মহাসড়কে ট্রাকের ওজন পরিমাপ করার ব্যবস্থা করা যায় কি না, সেটি নিয়েও ভাবছি।’