কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবুরের সিলেটের বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান হাবিবের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের ধরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
বাড়িতে আগুন দিতে আসা ব্যক্তিদের সঙ্গে ধরগাঁও গ্রামের কিছু বাসিন্দার পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে হাবিবুর রহমান পলাতক। বর্তমানে তাঁর বাড়িতে তত্ত্বাবধায়ক ছাড়াও স্বজনেরা থাকেন।
হাবিবুর রহমানের স্বজনেরা অভিযোগ করেন, সন্ধ্যা ছয়টার দিকে ১৫০ থেকে ২০০ জন ওই বাড়িতে আসেন। পরে তাঁরা বাড়ির ড্রয়িং রুম ভাঙচুরের পাশাপাশি বাড়ির সামনের অংশে আগুন ধরিয়ে দেন। এ সময় এলাকার কিছু লোক দলবদ্ধ হয়ে অগ্নিসংযোগকারীদের ধাওয়া দেন। পাল্টাপাল্টি ধাওয়া চলাকালে কয়েকটি মোটরসাইকেল মাটিতে পড়ে থাকে। এসব মোটরসাইকেলে তাঁরা আগুন ধরিয়ে দেন।
ঘটনার একাধিক ভিডিওতে দেখা গেছে, হাবিবুর রহমানের বাড়ির উঠানে বেশ কিছু ছড়ানো-ছিটানো চেয়ার। এসব চেয়ারে আগুন জ্বলছে। দূরে গ্রামের রাস্তার বিভিন্ন স্থানে কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বলছে। এদিক-ওদিক দৌড়াদৌড়ি করছেন লোকজন।
স্থানীয় একাধিক সূত্র বলছে, আজ ভোরে সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালিক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর জেরে হাবিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে থাকতে পারে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই আসনের বর্তমান সংসদ সদস্য এম এ মালিকের বাড়িতে আজ ভোরে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। এর প্রতিবাদে বিএনপি ও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় মাইকে ঘোষণা দিয়ে কিছু ব্যক্তি মিছিলে হামলা চালান। পরে উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তবে সাবেক এমপি হাবিবুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।