গাজীপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ, পদ থেকে বহিষ্কার

মো. রিজভীছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির পরিবার থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। তাঁর নাম মো. রিজভী (২৪)।

গত সোমবার সকালে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ছাত্রীর পরিবার রিজভী, তাঁর বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযুক্ত মো. রিজভী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। সোমবার গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার রাকিব হোসেনের সই করা এক চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাঁকে পদ থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পিয়ার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী বাড়ির সামনের একটি দোকানে কেনাকাটা করতে যান। এ সময় রিজভী কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে অবস্থান করছিলেন। ছাত্রী দোকানের সামনে গেলে তাঁকে টেনে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শাহিনুর ইসলাম, শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক

স্বজনদের অভিযোগ, কলেজে যাওয়া-আসার পথে রিজভী দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি তাঁর মা–বাবাকে জানানো হলে তাঁরা ছেলেকে শাসন না করে উল্টো ছাত্রীর পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

অভিযোগের বিষয়ে জানতে রিজভীর মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

অভিযোগ পাওয়ার পর থেকেই ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন শ্রীপুরের মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহিনুর ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, স্বজনদের দেখানো বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি। ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত আছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।